মূল অংশে যান
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ · ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
বিনোদন

হারিকেনে ৫২ জন মারা যায়, সেখানে দুই ভাইয়ের বেঁচে ফেরার রুদ্ধশ্বাস গল্প

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ৭:১১ পূর্বাহ্ণ · আপডেট: ১২ নভেম্বর ২০২৬, ৩:৩৯ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
হারিকেনে ৫২ জন মারা যায়, সেখানে দুই ভাইয়ের বেঁচে ফেরার রুদ্ধশ্বাস গল্প
'সারভাইভিং হারিকেন অটিস’ সিনেমার একটি দৃশ্যে। ছবি: আইএমডিবি

বাস্তব হারিকেনের ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে নেটফ্লিক্সের শীর্ষে ‘সারভাইভিং হারিকেন অটিস’

২০২৩ সালে মেক্সিকোর আকাপুলকো উপকূলে আঘাত হানা ভয়াবহ হারিকেন অটিসের বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে মেক্সিকান সিনেমা ‘সারভাইভিং হারিকেন অটিস’। ঘণ্টায় প্রায় ২৬৫ কিলোমিটার বেগের বাতাস ও উত্তাল সমুদ্রের মধ্যে বেঁচে থাকার লড়াইকে কেন্দ্র করে তৈরি সিনেমাটি দর্শকদের নজর কেড়েছে।

২৩ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তির পরদিনই সিনেমাটি বিশ্বব্যাপী চলচ্চিত্র তালিকার শীর্ষে উঠে আসে। এতে অভিনয় করেছেন বেনি ইমানুয়েল ও ক্রিস্তিয়ান ফেরের। পরিচালনা করেছেন হোর্হে মিচেল গ্রাউ। ৯৬ মিনিটের সিনেমাটি স্প্যানিশ ভাষায় নির্মিত।

দুই ভাইয়ের বেঁচে থাকার লড়াই

সিনেমার গল্পের কেন্দ্রে রয়েছে দুই ভাই—উইরপুল ও ক্যান্ডি। দীর্ঘদিনের দ্বন্দ্ব ও দূরত্বের মধ্যে থাকা এই দুই ভাই আকাপুলকোর উপকূলে একটি প্রমোদতরিতে কাজ করার সময় ভয়াবহ ঝড়ের মুখে পড়ে। ঝড়টি দ্রুত পাঁচ মাত্রার হারিকেনে রূপ নেয়। একপর্যায়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং নৌযানটি নিয়ন্ত্রণ হারায়। প্রাণ বাঁচাতে গিয়ে নিজেদের মতবিরোধ ভুলে একে অপরের ওপর নির্ভর করতে বাধ্য হয় তারা।

বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত

সিনেমাটি বাস্তব দুই নাবিক মারলন ভালদেজ ও জনাথন চিনোর বেঁচে ফেরার অভিজ্ঞতার ওপর ভিত্তি করে নির্মিত। ২০২৩ সালের অক্টোবরে হারিকেন অটিসের সময় আকাপুলকোর উপকূলে নৌযানে থাকা অবস্থায় ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন তাঁরা।

তবে বাস্তবে মারলন ও জনাথন বৈমাত্রেয় ভাই নন, তাঁরা বন্ধু। সিনেমায় তাঁদের অভিজ্ঞতাকে দুই ভাইয়ের গল্পে রূপ দেওয়া হয়েছে। নির্মাণের সময় তাঁরা পরামর্শ দেওয়ার পাশাপাশি অভিনেতাদের নৌযান পরিচালনা ও সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা করেছেন। সিনেমার একটি দৃশ্যেও তাঁদের দেখা যায়।

পর্দায় ঝড় তৈরির বিশাল আয়োজন

সিনেমাটিতে বাস্তবসম্মত ঝড় ও উত্তাল সমুদ্র তুলে ধরতে বড় আয়োজন করেছিলেন নির্মাতারা। প্রায় তিন বছর ধরে ৮০০ মানুষ সিনেমাটির নির্মাণে কাজ করেছেন। তাঁদের মধ্যে প্রায় ৫০০ জন যুক্ত ছিলেন ভিজ্যুয়াল ইফেক্টসের কাজে।

মেক্সিকো সিটির চুরুবুসকো স্টুডিওতে তৈরি করা হয়েছিল প্রায় ২০০ বর্গমিটারের পানির ট্যাংক। সমুদ্রের দৃশ্য ধারণে ব্যবহার করা হয় তিনটি আট টন ওজনের নৌযান। পাশাপাশি বাতাস, ঢেউ ও পানির প্রবাহ বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তুলতে ব্যবহার করা হয়েছে বিশেষ যন্ত্রপাতি ও ভিজ্যুয়াল ইফেক্টস।

পরিচালক হোর্হে মিচেল গ্রাউয়ের মতে, সিনেমাটির উদ্দেশ্য শুধু ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ তুলে ধরা নয়; বরং এমন দুর্যোগের সময় মানুষের জীবনের বৈষম্য ও বাস্তবতাও দর্শকদের সামনে নিয়ে আসা।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz