২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে যুক্তরাষ্ট্রের দলগুলোর সম্ভাব্য প্রার্থী কারা
সিএনএন
যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন ২০২৮ সালের ৭ নভেম্বর। তবে গত মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনের পর থেকেই দুই প্রধান দল ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে কারা এগিয়ে আছেন এবং তাঁদের অবস্থানের পেছনে কী কারণ রয়েছে, তা নিয়ে এই বিশ্লেষণ।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় জয় পেয়েছেন ডেমোক্র্যাটরা। এতে ওয়াশিংটনে ক্ষমতার ভারসাম্য বদলে যেতে শুরু করেছে। ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কোন অঙ্গরাজ্যগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, সেই হিসাবও পাল্টে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ঘাঁটি হিসেবে পরিচিত কয়েকটি অঙ্গরাজ্যে ভালো করেছেন ডেমোক্র্যাটরা। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিটি অঙ্গরাজ্যের জনসংখ্যার ভিত্তিতে নির্ধারিত ইলেকটোরাল কলেজের প্রতিনিধিরা ভোট দেন। জয়ী হতে একজন প্রার্থীকে অন্তত ২৭০টি ইলেকটোরাল ভোট পেতে হয়। মধ্যবর্তী নির্বাচনের ফল ডেমোক্র্যাটদের সামনে সেই সংখ্যায় পৌঁছানোর নতুন সম্ভাবনা তৈরি করেছে।
অন্যদিকে, ভোটারদের মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি অসন্তোষ দেখা গেছে। ফলে রিপাবলিকানদের সামনে এখন বড় প্রশ্ন—মাগা বা ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ আন্দোলনের ভোটারদের আবার এক ছাতার নিচে আনা যাবে, নাকি দলকে নতুন কৌশলে পরিচালিত করতে হবে?
দুই দলের কেউই এখনো আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার শুরু করেনি। তবে ধারণা করা হচ্ছে, প্রত্যাশিত সময়ের আগেই কেউ কেউ মাঠে নামতে পারেন। মধ্যবর্তী নির্বাচনের পর সম্ভাব্য প্রার্থীদের অবস্থান একনজরে দেখে নেওয়া যাক।
ডেমোক্র্যাট শিবির
জশ শ্যাপিরো: মধ্যবর্তী নির্বাচনের ফল নিয়ে সবচেয়ে খুশি হওয়ার কথা পেনসিলভানিয়ার গভর্নর জশ শ্যাপিরোর। ২০ শতাংশ পয়েন্টের বেশি ব্যবধানে তিনি আবার গভর্নর নির্বাচিত হয়েছেন। তাঁর অঙ্গরাজ্যে প্রতিনিধি পরিষদের চারটি আসন রিপাবলিকানদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন ডেমোক্র্যাটরা।
প্রেসিডেন্ট নির্বাচনে পেনসিলভানিয়া দুই দলের কাছেই গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য। সেখানে বড় ব্যবধানে জয়ের ফলে ২০২৮ সালের নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন পাওয়ার দৌড়ে শ্যাপিরোর অবস্থান আরও শক্তিশালী হতে পারে। এত দিন প্রেসিডেন্ট পদে লড়ার সম্ভাবনা নিয়ে কথা এড়িয়ে গেছেন তিনি। তবে এবার সেই প্রশ্ন এড়িয়ে যাওয়া তাঁর জন্য কঠিন হবে।
গ্যাভিন নিউসম: টেক্সাস গত বছর প্রতিনিধি পরিষদের আসনগুলোর সীমানা নতুন করে নির্ধারণ করে। এর পাল্টা পদক্ষেপ হিসেবে ক্যালিফোর্নিয়াতেও আসনের সীমানা পরিবর্তনের উদ্যোগ নেন গভর্নর গ্যাভিন নিউসম। এ জন্য অঙ্গরাজ্যটির ভোটারদের অনুমোদন নিতে হয়েছে। এই পদক্ষেপ প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের আসনসংখ্যা বাড়াতে সহায়তা করবে।
মধ্যবর্তী নির্বাচনে ক্যালিফোর্নিয়ায় ডেমোক্র্যাটদের বাড়তি পাঁচটি আসন পাওয়ার কৃতিত্বও দাবি করতে পারেন নিউসম। গভর্নর হিসেবে তাঁর মেয়াদ শেষের পথে। এর মধ্যে তিনি ঘোষণা দিয়েছেন, ক্যালিফোর্নিয়ায় মৃত্যুদণ্ড পাওয়া ৫৪৮ জনের সাজা কমাবেন। এ সিদ্ধান্তের মধ্য দিয়ে মৃত্যুদণ্ডের বিষয়ে তাঁর অবস্থান ট্রাম্পের অবস্থান থেকে আলাদা—তা আরও স্পষ্ট হয়েছে।
রাফায়েল ওয়ার্নক: জর্জিয়ার এই ডেমোক্র্যাট সিনেটর একজন খ্রিষ্টান ধর্মযাজকও। দক্ষিণাঞ্চলের কৃষ্ণাঙ্গ ভোটারদের সমর্থন যদি ডেমোক্র্যাটদের জয়ের নতুন পথ খুলে দেয়, তাহলে নিজের প্রার্থিতার পক্ষে জোরালো যুক্তি দিতে পারবেন তিনি। মধ্যবর্তী নির্বাচনে দলের জয়ের পরিসর বাড়াতে বিভিন্ন জায়গায় প্রচার চালিয়েছেন ওয়ার্নক।
ভোটের ফল বলছে, তাঁর সেই চেষ্টা কাজে এসেছে। নির্বাচনের আগে সিএনএনকে ওয়ার্নক বলেছিলেন, ২০২৮ সালে একটি ‘উচ্চ পদে’ লড়বেন। তবে তিনি আবার সিনেট নির্বাচনে অংশ নেবেন, নাকি প্রেসিডেন্ট পদে লড়বেন, তা স্পষ্ট করেননি।
পিট বুটিগেগ: ডেমোক্র্যাটদের পুরোনো ভোটারদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলের যেসব এলাকায় দুই দলের প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে, সেখানকার ভোটারদের কাছেও পৌঁছাতে পারেন পিট বুটিগেগ। ইন্ডিয়ানার সাউথ বেন্ড শহরের সাবেক মেয়র ও যুক্তরাষ্ট্রের সাবেক পরিবহনমন্ত্রী হিসেবে নিজের অভিজ্ঞতা তুলে ধরতে পারেন তিনি।
মধ্যবর্তী নির্বাচনে ৩৮টি অঙ্গরাজ্য ঘুরে দলীয় প্রার্থীদের পক্ষে প্রচার করেছেন বুটিগেগ। এতে দলের ভেতরেও তাঁর সমর্থন বেড়েছে।
জেবি প্রিৎসকার: ইলিনয়ের গভর্নর পদে সহজেই আবার জিতেছেন জেবি প্রিৎসকার। তবে জাতীয় রাজনীতিতে তাঁর ভূমিকার বড় দিক ছিল নির্বাচনী অনুদান। যেসব আসনে অর্থের জোগান নির্বাচনের ফল বদলে দিতে পারে, সেগুলোতে সহায়তা দিয়েছেন তিনি।
যেমন, টেক্সাসের গভর্নর পদে ডেমোক্র্যাট প্রার্থী জিনা হিনোহোসার যখন অর্থের প্রয়োজন ছিল, তখন তাঁকে সহায়তা করেন প্রিৎসকার। নির্বাচনের ফলাফলে সেই সিদ্ধান্তের সুফল পাওয়া গেছে।
অ্যান্ডি বেশিয়ার: রিপাবলিকানদের ঘাঁটি কেন্টাকির ডেমোক্র্যাট গভর্নর অ্যান্ডি বেশিয়ার। তাঁর নেতৃত্বে ডেমোক্রেটিক গভর্নরস অ্যাসোসিয়েশন ওহাইও, আইওয়া, কানসাস ও টেক্সাসে দলীয় প্রার্থীদের গভর্নর পদে জিততে সহায়তা করেছে।
তবে টেক্সাসের কয়েকজন ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য ও জাতীয় পর্যায়ের কয়েকটি সংগঠনের নেতার অভিযোগ, জিনা হিনোহোসার জন্য যথেষ্ট করেননি বেশিয়ার। রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবট ডেমোক্র্যাট প্রার্থী বেশিয়ারের চেয়ে অনেক বেশি অর্থ ব্যয় করেছিলেন।
বেশিয়ারের নিজের অঙ্গরাজ্য কেন্টাকিতে প্রতিনিধি পরিষদের একটি গুরুত্বপূর্ণ আসন দখল করেছেন ডেমোক্র্যাটরা। তবে সিনেটের আসনটি ধরে রেখেছেন রিপাবলিকানরা। এবারের নির্বাচনের বড় বার্তা যদি হয়—মধ্যপন্থী ডেমোক্র্যাটরাও জিততে পারেন, তাহলে সুবিধা পাবেন বেশিয়ার। নির্বাচনের পরদিন সিএনএনকে তিনি বলেন, ‘সবকিছুকে ডেমোক্র্যাট বনাম রিপাবলিকান—আমরা বনাম তারা হিসেবে দেখা যায় না।’
কমলা হ্যারিস: সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে দেখলে অনেক ডেমোক্র্যাটের ২০২৪ সালের নির্বাচনে পরাজয়ের কথা মনে পড়তে পারে। আবার প্রেসিডেন্ট পদে লড়তে চাইলে দলের প্রার্থী বাছাইয়ের ভোটে সমর্থকদের উৎসাহিত করার উপায় খুঁজতে হবে তাঁকে।
তবে মধ্যবর্তী নির্বাচনে প্রচারের জায়গা বেছে নেওয়ার ক্ষেত্রে বিচক্ষণতার পরিচয় দিয়েছেন হ্যারিস। মিসিসিপিতে স্কট কলমের জয়ের সম্ভাবনা কম বলে মনে হলেও তাঁর সমাবেশে গিয়েছিলেন তিনি। মিশিগানে আবদুল আল-সাইয়েদের পক্ষেও প্রচার করেন হ্যারিস। দলের প্রার্থী বাছাইয়ের ভোটে কৃষ্ণাঙ্গ ভোটারদের মধ্যে আল-সাইয়েদের সমর্থন কম ছিল। তবে মূল নির্বাচনে তাঁরা আল-সাইয়েদকে সমর্থন দিয়েছেন।
আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ: নিউইয়র্কের এই কংগ্রেস সদস্যের মতো পরিচিত নেতা ডেমোক্র্যাটদের মধ্যে খুব বেশি নেই। দলের প্রগতিশীল ভোটারদের কাছে তাঁর জনপ্রিয়তা ব্যাপক। মধ্যবর্তী নির্বাচনে আল-সাইয়েদের মতো প্রার্থীদের পক্ষে সমাবেশ করেছেন তিনি।
গণতান্ত্রিক সমাজতন্ত্রী হিসেবে পরিচিত ওকাসিও-কর্টেজ কিছু বিষয়ে আগের চেয়ে নমনীয় অবস্থান নিয়েছেন। এবারের নির্বাচনে রিপাবলিকানদের ঘাঁটিতে মধ্যপন্থী ডেমোক্র্যাটদের জয় দলের সংখ্যাগরিষ্ঠতা পেতে সহায়তা করেছে। তাই তাঁর অবস্থানের এই পরিবর্তনও তাৎপর্যপূর্ণ।
জন অসফ: অনেকে জর্জিয়ার এই ডেমোক্র্যাট সিনেটরকে নতুন ‘বারাক ওবামা’ বলে আখ্যায়িত করছেন। আবারও সিনেটর নির্বাচিত হয়েছেন তিনি। প্রেসিডেন্ট পদে লড়ার আগ্রহ নেই—এ কথা বারবার জানিয়েছেন অসফ। তবে দক্ষিণাঞ্চলে ডেমোক্র্যাটদের সাফল্যের অন্যতম মুখ হয়ে ওঠায় তাঁকে নিয়ে আলোচনা থামবে না। বারাক ওবামার মতো একসময় মত বদলে হোয়াইট হাউসের দৌড়ে নামতে পারেন বলেও আলোচনা রয়েছে।
জর্জিয়ায় গভর্নর নির্বাচিত হয়েছেন কেইশা ল্যান্স বটমস। তিনি হবেন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর। ফলে অসফের সিনেট আসন খালি হলে সেখানে একজন ডেমোক্র্যাটকে নিয়োগ দেওয়ার সুযোগ থাকবে।
রাম ইমানুয়েল: সাবেক এই রাষ্ট্রদূত শিকাগোর মেয়র ছিলেন। বারাক ওবামার প্রশাসনে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবেও কাজ করেছেন। সম্প্রতি টেলিভিশনে তাঁকে নিয়মিত দেখা যাচ্ছে। শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে মধ্যপন্থী নীতি ও বাস্তব ফলাফলের ওপর জোর দিচ্ছেন তিনি।
সম্ভাব্য অন্য কয়েকজন প্রার্থীর তুলনায় বয়সে বড় ইমানুয়েল। প্রচারেও তাঁদের কেউ কেউ বেশি মানুষকে আকৃষ্ট করতে পারবেন বলে ধারণা করা হচ্ছে। তবে নিজের বক্তব্য আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে সময় দিচ্ছেন তিনি।
রিপাবলিকান শিবির
জেডি ভ্যান্স: মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ একটি পোস্ট দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। দলের বিপর্যয়কর ফলের প্রধান কারণ হিসেবে তিনি ইরান যুদ্ধকে দায়ী করেন।
ভ্যান্সের যুক্তি হলো, ট্রাম্পকে ক্ষুব্ধ না করে তাঁকেই যুদ্ধ শেষ করার উপায় খুঁজতে হবে। তাহলেই যাঁদের তিনি ‘ট্রাম্প-ভ্যান্স’ ভোটার বলেছেন, তাঁদের আবার একজোট করার সুযোগ তৈরি হবে। ট্রাম্পের সম্ভাব্য রাজনৈতিক উত্তরসূরি হিসেবে ভ্যান্স এখনো এগিয়ে আছেন। তবে এই কাজ তাঁর জন্য সহজ হবে না।
রন ডিস্যান্টিস: ডেমোক্র্যাটদের ‘নীল ঢেউয়ের’ মধ্যেও ফ্লোরিডায় নিজেদের ঘাঁটি ধরে রেখেছেন রিপাবলিকানরা। সিএনএনের জেক ট্যাপারকে গভর্নর রন ডিস্যান্টিস বলেন, ফ্লোরিডাতেও হারলে দলের জন্য পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত। ব্যবধান কম হলেও অঙ্গরাজ্যটিতে সিনেটর ও গভর্নর—দুই পদেই জিতেছেন রিপাবলিকান প্রার্থীরা।
নিউসমের মতো ডিস্যান্টিসও জানুয়ারিতে গভর্নরের পদ ছাড়বেন। তবে তাঁর রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা এখনো শেষ হয়নি।
মার্কো রুবিও: ট্রাম্পের সঙ্গে কয়েকটি নির্বাচনী সমাবেশে অংশ নিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। দেশের শীর্ষ কূটনীতিক হিসেবে দলীয় প্রচারে বেশি সময় দেওয়া তাঁর জন্য কিছুটা অস্বস্তিকর হতো। প্রচারে সীমিত উপস্থিতির কারণে ভ্যান্সের মতো তাঁকে এবারের নির্বাচনী পরাজয়ের সঙ্গে ততটা জড়িয়ে দেখা হবে না।
রিপাবলিকানদের একাংশের মধ্যে রুবিও জনপ্রিয়। কানসাসে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেছিলেন, রুবিও ‘বেশি জনপ্রিয় হয়ে উঠছেন’। এরপর তাঁকে বরখাস্ত করার কথা বলে রসিকতাও করেন ট্রাম্প। প্রেসিডেন্ট পদে লড়তে হলে রুবিওকে প্রশাসন ছাড়তে হবে। সম্ভবত ভ্যান্সের সঙ্গেও তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হতে পারে।
টেড ক্রুজ: রুবিও ও ডিস্যান্টিসের ফ্লোরিডায় ডেমোক্র্যাটদের নির্বাচনী ঢেউ সামাল দেওয়া গেলেও টেড ক্রুজের টেক্সাসে তা এসে পড়েছে। মধ্যবর্তী নির্বাচনে বিভিন্ন জায়গায় দলীয় প্রার্থীদের পক্ষে প্রচার করেছেন এই সিনেটর। তাঁদের অনেকেই হেরেছেন। ফলে ক্রুজ প্রেসিডেন্ট পদে লড়লে দায়িত্বে থাকা রিপাবলিকান নেতাদের কাছ থেকে খুব বেশি সমর্থন নাও পেতে পারেন।
পিট হেগসেথ: বিতর্কিত এই প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে অভিশংসনের আলোচনা চলছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত পরিস্থিতি স্পষ্ট হতে পারে। কিছু রিপাবলিকানও এতে সমর্থন দিতে পারেন।
হেগসেথের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছে অজনপ্রিয় ইরান যুদ্ধ। সেই যুদ্ধ যদি প্রতিনিধি পরিষদ ও সিনেট—দুই কক্ষেই রিপাবলিকানদের পরাজয়ের অন্যতম কারণ হয়ে থাকে, তাহলে তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ খুব একটা উজ্জ্বল নয়।
ভোটের ফল থেকে ইঙ্গিত মিলেছে, মার্কিনরা এমন মধ্যপন্থী নেতাদের চান, যাঁরা একসঙ্গে কাজ করার কথা বলেন। তাঁদের সমর্থন পেতে হেগসেথকে নিজের ভাবমূর্তি আমূল বদলাতে হবে।
সারা হাকাবি স্যান্ডার্স: আরকানসাসের গভর্নর ও হোয়াইট হাউসের সাবেক প্রেস সচিব সারা হাকাবি স্যান্ডার্স মধ্যবর্তী নির্বাচনে সহজেই পুনর্নির্বাচিত হয়েছেন। প্রেসিডেন্ট পদে লড়ার পক্ষে তাঁরও যুক্তি রয়েছে। তাঁর বাবা মাইক হাকাবিও আরকানসাসের গভর্নর ছিলেন। বর্তমানে তিনি ইসরায়েলে ট্রাম্পের রাষ্ট্রদূত। প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার দৌড়ে মাইক হাকাবি আইওয়ায় দলের প্রার্থী বাছাইয়ের প্রথম দিকের ভোটে ভালো করেছিলেন।
টাকার কার্লসন: ইরান যুদ্ধ ট্রাম্প ও রিপাবলিকানদের জন্য রাজনৈতিক বোঝা হয়ে উঠেছে—এ কথা এখন প্রকাশ্যে বলছেন ভ্যান্স। তবে রক্ষণশীল ধারাভাষ্যকার টাকার কার্লসন শুরু থেকেই এ বিষয়ে সতর্ক করে আসছেন।
দুই প্রধান দলের বাইরে থেকে প্রেসিডেন্ট পদে লড়ারও ইঙ্গিত দিয়েছেন কার্লসন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাঁর চমক সৃষ্টি করার সম্ভাবনা কম। তবে তিনি নির্বাচনে অংশ নিলে ট্রাম্পের মাগা শিবিরে যে বিভাজন বাড়ছে, তা আরও গভীর হতে পারে।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





