মূল অংশে যান
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ · ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
আন্তর্জাতিক

তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ণ · আপডেট: ১০ নভেম্বর ২০২৬, ৯:৩৭ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬
ছবি: সংগৃহীত

তুরস্কের পশ্চিমাঞ্চলে একটি ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

সোমবার (৯ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১১টা ৪৬ মিনিটে ইজমির শহরের কাছে আলিয়াগা এলাকার হাবাস ইস্পাত কারখানায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর তদন্তের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

ইজমিরের গভর্নর জানান, কারখানাটির একটি বড় শিল্প চুল্লির বয়লার পরিবর্তনের কাজ চলছিল। এ সময় ওপরের দিকে থাকা একটি ভারী ক্রেন ভেঙে সরাসরি চুল্লির ওপর পড়ে। এতে বিস্ফোরণের ঘটনা ঘটে।

আলিয়াগা এলাকাটি এজিয়ান সাগরের তীরবর্তী ইজমির শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তরে অবস্থিত। বিস্ফোরণের পরপরই উদ্ধারকাজ শুরু হয়। তবে ধ্বংসস্তূপ সরানোর কাজ শেষ না হওয়া পর্যন্ত হতাহতের প্রকৃত সংখ্যা নিশ্চিত করা কঠিন বলে জানিয়েছেন মেয়র সেমিল তুগায়।

প্রত্যক্ষদর্শী দানিজ উলকার জানান, বিস্ফোরণের শব্দ ও কম্পন এতটাই তীব্র ছিল যে তাঁর মনে হয়েছিল ভূমিকম্প হয়েছে। তিনি বলেন, রাস্তার ওপাশে থাকা কারখানাটির দিকে তাকিয়ে ঘন কালো ধোঁয়া বের হতে দেখেন। চিমনির কাছেও আগুন জ্বলতে শুরু করেছিল।

এদিকে, কারখানাটিতে দীর্ঘদিন ধরে নিরাপত্তাব্যবস্থার ঘাটতি ছিল বলে অভিযোগ করেছে শ্রমিক সংগঠনগুলো। তুরস্কের বামপন্থি রাজনৈতিক দল লেবার পার্টির ইজমির শাখার দাবি, গত তিন সপ্তাহের মধ্যে কারখানাটিতে এটি তৃতীয় প্রাণঘাতী দুর্ঘটনা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সংগঠনটি জানায়, গত ১০ বছরে ওই কারখানায় বিভিন্ন দুর্ঘটনায় সাতজন কর্মী নিহত হয়েছেন। তাদের অভিযোগ, কারখানাটিতে নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং প্রয়োজনীয় নিরাপত্তাবিধি যথাযথভাবে অনুসরণ করা হয় না।

এ দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় ইউরোপীয় ইউনিয়ন ও আজারবাইজানসহ বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক সংস্থা শোক প্রকাশ করেছে।

বিস্ফোরণের প্রকৃত কারণ এবং কারখানার নিরাপত্তাব্যবস্থায় কোনো ধরনের অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করার ঘোষণা দিয়েছে তুরস্ক সরকার।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz