ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন পেতে দিতে হবে বাড়তি ৪ তথ্য
ঢাকা উত্তর সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার (ই-রিকশা) নিবন্ধন পেতে আবেদনকারীদের কাছ থেকে অতিরিক্ত চার ধরনের তথ্য নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ জন্য মূল বিধিমালার নির্ধারিত তথ্যের পাশাপাশি নতুন কিছু বিষয় যুক্ত করে আবেদন ফরম তৈরির উদ্যোগ নিয়েছে সংস্থাটি।
নতুন ফরমে আবেদনকারী কোন অঞ্চলের জন্য আবেদন করছেন, তিনি নিজে রিকশা চালাবেন কি না, তাঁর পেশা এবং মাসিক আয়ের পরিমাণ উল্লেখ করতে হবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ হাবিবুল আলম জানান, অতিরিক্ত চারটি তথ্য যুক্ত করে আবেদন ফরম ছাপানোর অনুমোদন চেয়ে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া গেলে ফরম ছাপানো ও বিক্রির কার্যক্রম শুরু হবে। তবে এখনো ফরম বিক্রির কোনো তারিখ নির্ধারণ করা হয়নি।
তিনি আরও জানান, আবেদন ফরমের মূল্য নির্ধারণের বিষয়েও মন্ত্রণালয়ের অনুমোদন চাওয়া হয়েছে। কারণ, ই-রিকশা চলাচল বিধিমালায় ফরমের দাম নির্ধারণের বিষয়ে কিছু বলা নেই। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ইতোমধ্যে ফরমের মূল্য ১০০ টাকা নির্ধারণ করেছে।
ডিএনসিসির পরিকল্পনা অনুযায়ী, সংস্থার ১০টি অঞ্চলে ১০ হাজার করে মোট এক লাখ আবেদন ফরম বিক্রি করা হবে। এসব অঞ্চলকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের চারটি জোনের সঙ্গে সমন্বয় করা হবে। প্রতিটি জোনের জন্য আলাদা রঙের ফরম তৈরি করা হবে। ফরমে ট্রাফিক জোনের নামের পাশাপাশি বন্ধনীর মধ্যে সংশ্লিষ্ট ডিএনসিসি জোনের নামও উল্লেখ থাকবে।
রাজস্ব বিভাগের সূত্র জানিয়েছে, কতটি ই-রিকশার নিবন্ধন দেওয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে ডিএমপির ট্রাফিক বিভাগ জরিপ করছে। তাদের সঙ্গে আলোচনা ও সুপারিশের ভিত্তিতে প্রতিটি জোনে কতটি অটোরিকশা চলাচল করতে পারবে, তা নির্ধারণ করা হবে। ফলে প্রাথমিকভাবে ফরম বিতরণের যে পরিকল্পনা নেওয়া হয়েছে, তাতেও পরিবর্তন আসতে পারে।
ডিএনসিসির পরিকল্পনা অনুযায়ী, আগ্রহীরা প্রথমে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। তবে অটোরিকশা না কিনে নিবন্ধনের আবেদন জমা দেওয়া যাবে না। অর্থাৎ, অনুমোদিত উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছ থেকে গাড়ি কেনার পর প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করতে হবে।
আবেদন ফরমে অটোরিকশার নম্বর, ইঞ্জিন নম্বর, চেসিস নম্বর, মোটর নম্বর ও ব্যাটারির নম্বর উল্লেখ করতে হবে। এসব তথ্যের মাধ্যমে গাড়ির পরিচয় ও কারিগরি বৈশিষ্ট্য যাচাই করা হবে।
ব্যাটারিচালিত অটোরিকশা নিবন্ধনের অন্যতম শর্ত হলো, গাড়িটি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নির্ধারিত নকশা ও কারিগরি মানদণ্ড অনুযায়ী তৈরি হতে হবে। এ জন্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে প্রথমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমতি এবং পরে বুয়েটের কারিগরি অনুমোদন নিতে হবে।
মুহাম্মদ হাবিবুল আলম জানান, এখন পর্যন্ত স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সাতটি প্রতিষ্ঠানকে সারা দেশে নির্ধারিত নকশায় অটোরিকশা উৎপাদনের অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে পাঁচটি প্রতিষ্ঠান উৎপাদন শুরু করেছে। প্রতিষ্ঠানগুলো হলো নিউ গ্রামীণ মোটরস, ডাইনামিক মোটরস, ডায়াস্টার (হাইটেক পাওয়ার), মনির অটো ও আকিজ মোটরস। বাকি দুটি প্রতিষ্ঠান অনুমোদন পেলেও এখনো উৎপাদন শুরু করেনি।
বুয়েটের অনুমোদিত নকশা অনুযায়ী অটোরিকশা তৈরি করতে আগ্রহী নতুন প্রতিষ্ঠানও উৎপাদনের অনুমতি নিতে পারবে। এ ক্ষেত্রে প্রথমে মন্ত্রণালয়ে আবেদন করতে হবে। মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর প্রতিষ্ঠানটি বুয়েটের কারিগরি অনুমোদনের জন্য আবেদন করতে পারবে।
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে গত ২৯ অক্টোবর স্থানীয় সরকার বিভাগ ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৬’ জারি করে। দেশের সব সিটি করপোরেশন এলাকায় এ বিধিমালা কার্যকর হবে।
বিধিমালা অনুযায়ী, নিবন্ধন ছাড়া কোনো ই-রিকশা চলাচল করতে পারবে না। প্রতিটি নিবন্ধিত অটোরিকশার জন্য কিউআর কোডযুক্ত পৃথক নম্বর ও নম্বরপ্লেট থাকবে। একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে এক বা একাধিক সিটি করপোরেশন থেকে সর্বোচ্চ পাঁচটি ই-রিকশার নিবন্ধন নেওয়া যাবে। তবে এক সিটি করপোরেশনে নিবন্ধিত অটোরিকশা অন্য সিটি করপোরেশন এলাকায় বাণিজ্যিক উদ্দেশ্যে চালানো যাবে না।
এ ছাড়া জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, প্রধান বাস চলাচলের সড়ক এবং কর্তৃপক্ষের নির্ধারিত সড়কে ই-রিকশা চলাচল নিষিদ্ধ করা হয়েছে। ফুটপাতেও এসব যান চলতে পারবে না। কোন সড়কে ই-রিকশা চলাচল করতে পারবে, তা সংশ্লিষ্ট সিটি করপোরেশন ও ট্রাফিক বিভাগ যৌথভাবে নির্ধারণ করবে।
এর আগে গত ১ নভেম্বর সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে চারটি করে মোট আটটি জোন করা হবে। প্রতিটি জোনের অটোরিকশার রং হবে আলাদা। এক জোনে নিবন্ধিত অটোরিকশা অন্য জোনে চলাচল করতে পারবে না।
তিনি আরও জানান, চালকদের জন্য আপাতত আলাদা ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক করা হচ্ছে না। নিবন্ধন প্রক্রিয়া এগিয়ে গেলে পর্যায়ক্রমে চালকদের লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করা হবে।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





