মূল অংশে যান
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ · ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
জাতীয়

জার্মানিতে স্টুডেন্ট ভিসায় নতুন নিয়ম, আগের অপেক্ষমাণ তালিকা বাতিল

নতুন ব্যবস্থায় অনলাইনে আবেদন ও নথিপত্র জমা দেওয়ার পাশাপাশি আবেদনের অগ্রগতি পর্যবেক্ষণ করা যাবে।

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ২:২৮ অপরাহ্ণ · আপডেট: ১৫ নভেম্বর ২০২৬, ৯:৩০ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
জার্মানিতে স্টুডেন্ট ভিসায় নতুন নিয়ম, আগের অপেক্ষমাণ তালিকা বাতিল
ছবি: সংগৃহীত

জার্মানিতে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ভিসার আবেদনপ্রক্রিয়া আরও সহজ, স্বচ্ছ ও সময়সাশ্রয়ী করার উদ্যোগ নিয়েছে ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাস। এ লক্ষ্যে চালু করা হয়েছে নতুন ‘ডিজিটাল কনসুলার সার্ভিস পোর্টাল’ বা ‘আউসল্যান্ডসপোর্টাল’। তবে নতুন ব্যবস্থায় রূপান্তরের অংশ হিসেবে আগের পদ্ধতির সব অপেক্ষমাণ তালিকা বাতিল করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সকালে দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে নতুন পোর্টাল চালুর বিষয়টি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, জার্মানিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা আবেদনপ্রক্রিয়া আরও কার্যকর ও সুনিশ্চিত করতে এ ডিজিটাল ব্যবস্থা চালু করা হয়েছে। এর মাধ্যমে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক ও শিক্ষামূলক আদান-প্রদানের সুযোগও বাড়বে বলে আশা করছে দূতাবাস।

নতুন ব্যবস্থায় আবেদনকারীরা অ্যাপয়েন্টমেন্টের আগেই অনলাইনে আবেদন ফরম পূরণ এবং প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে পারবেন। পাশাপাশি দূতাবাসের বাহ্যিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ভিএফএসের (VFS) মাধ্যমে নথিপত্রের প্রাথমিক যাচাই করানোর সুযোগ থাকবে। এতে দূতাবাসে সশরীরে উপস্থিত থাকার সময় কমবে। সেখানে মূলত আবেদনকারীদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ ও চূড়ান্ত যাচাই করা হবে।

এ ছাড়া পোর্টালের ড্যাশবোর্ড থেকে আবেদনের সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ করা যাবে। প্রয়োজনে পরিবারের সদস্যদের সঙ্গে যৌথভাবেও আবেদন জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

নতুন ডিজিটাল ব্যবস্থায় রূপান্তরের অংশ হিসেবে আগের পদ্ধতিতে থাকা অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষমাণ তালিকা সম্পূর্ণ বাতিল করা হয়েছে বলে জানিয়েছে দূতাবাস। ফলে জার্মানিতে স্টুডেন্ট ভিসার জন্য আগ্রহী সব শিক্ষার্থীকে নতুন করে নিবন্ধন করতে হবে।

যাঁরা আগের পদ্ধতিতে নিবন্ধন করে অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষায় ছিলেন, তাঁদের নিবন্ধন নতুন ব্যবস্থায় স্থানান্তর করা হবে না। আগের নিবন্ধনগুলোও আর কার্যকর থাকবে না। তাই তাঁদের নতুন ডিজিটাল প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলে পুনরায় আবেদন জমা দিতে হবে।

আগ্রহী শিক্ষার্থীরা জার্মানির ফেডারেল পররাষ্ট্র দপ্তরের ডিজিটাল কনসুলার সার্ভিস পোর্টালের "https://digital.diplo.de/" (https://digital.diplo.de/) মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রয়োজনীয় নথিপত্রের তালিকা, বিস্তারিত নির্দেশিকা ও আবেদনসংক্রান্ত তথ্যও ওই পোর্টাল এবং ঢাকাস্থ জার্মান দূতাবাসের অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz