মূল অংশে যান
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ · ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
জাতীয়

গুচ্ছ ভর্তি পরীক্ষায় বাড়তে পারে আসন, কোন বিশ্ববিদ্যালয়ে কত?

সম্ভাব্য নতুন চার বিশ্ববিদ্যালয় যুক্ত হলে মোট আসন বেড়ে ১৬ হাজার ৬৪৩টি পর্যন্ত হতে পারে।

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ২:৩৩ অপরাহ্ণ · আপডেট: ১৫ নভেম্বর ২০২৬, ৮:০৩ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
গুচ্ছ ভর্তি পরীক্ষায় বাড়তে পারে আসন, কোন বিশ্ববিদ্যালয়ে কত?
ছবি: সংগৃহীত

দেশের সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে আসনসংখ্যা বাড়তে পারে। বর্তমানে গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে ১৬ হাজার ৯৩টি। সম্ভাব্য নতুন চারটি বিশ্ববিদ্যালয় যুক্ত হলে আসনসংখ্যা বেড়ে প্রায় ১৬ হাজার ৪৭৩ থেকে ১৬ হাজার ৬৪৩টিতে দাঁড়াতে পারে।

২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এ পদ্ধতিতে একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আলাদা পরীক্ষা না দিয়ে একটি পরীক্ষার মাধ্যমে ভর্তির সুযোগ তৈরি হয়।

২০২৬-২৭ শিক্ষাবর্ষে সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত ভর্তি প্রক্রিয়ায় থাকা ২০টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নতুন করে আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় যুক্ত হতে পারে। সম্ভাব্য তালিকায় রয়েছে বগুড়া বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়, লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেহেরপুর বিশ্ববিদ্যালয়। তবে এসব বিশ্ববিদ্যালয়ের গুচ্ছভুক্তির বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। এ জন্য ইউজিসির অনুমোদন প্রয়োজন।

গত ১ নভেম্বর দেশের পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের আসনসংক্রান্ত হালনাগাদ তথ্য প্রকাশ করা হয়। তথ্য অনুযায়ী, বর্তমানে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২ হাজার ৫১৫, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ১৭৫, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৩৯৫, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৫৭০ এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ৮৫০টি আসন রয়েছে।

এ ছাড়া নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৬১১, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৫৮০, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৩০, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৯৫০ এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৮৭৫টি আসন রয়েছে।

অন্যদিকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৮৩০, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে ৩৯০, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ১২৬, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৯০ এবং জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০৪টি আসন রয়েছে।

এ ছাড়া চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৯০, বাংলাদেশ ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজিতে ২২০, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৭২, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৬০ এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ১৬০টি আসন রয়েছে।

সম্ভাব্য নতুন বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ও ইংরেজি বিভাগের চূড়ান্ত অনুমোদন পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশ্ববিদ্যালয়টিতে প্রাথমিকভাবে আনুমানিক ৮০ থেকে ১০০টি আসন থাকতে পারে।

অন্যদিকে বগুড়া বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় ও লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখনো বিভাগ অনুমোদন পায়নি। এসব বিশ্ববিদ্যালয়ের বিভাগ অনুমোদন এবং ইউজিসির প্রয়োজনীয় সিদ্ধান্তের পরই আসনসংখ্যা চূড়ান্ত হবে। প্রাথমিকভাবে এসব বিশ্ববিদ্যালয়ে ১০০ থেকে ১৫০টি করে আসন থাকতে পারে।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz