ম্যাচ হেরে সাফের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ শ্রীলঙ্কা কোচের
শ্রীলঙ্কার প্রধান কোচ আবদুল্লাহ আল মুতাইরি সাফের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ তুলেছেন। তার দাবি, সাফ সবসময় আরবদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করে। বুধবার ঢাকায় বাংলাদেশের কাছে ৪–০ গোলে হেরে সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নেওয়ার পর এসব অভিযোগ করেন তিনি।
মুতাইরির ক্ষোভের কারণ মঙ্গলবার মাঝরাতে সাফের আইন বিভাগ থেকে পাওয়া একটি শৃঙ্খলাসংক্রান্ত ই-মেইল। রোববার ভুটানের সঙ্গে ২–২ গোলে ড্রয়ের পর রেফারিংয়ের সমালোচনা, গ্রুপ পর্ব থেকে ভিএআর চালু এবং ন্যায্য খেলার দাবি জানিয়েছিলেন তিনি। ই-মেইলে তার এসব মন্তব্যের বিষয়টি উল্লেখ করা হয়েছে বলে জানান মুতাইরি।
বাংলাদেশের কাছে হারের পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আজ আমাদের দিন ছিল না। বাংলাদেশকে অভিনন্দন।’ এরপর কথিত সেই ই-মেইল সাংবাদিকদের সামনে তুলে ধরেন এবং জোরে জোরে পড়ে শোনান। পরে পুরো বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করবেন বলেও জানান।
মুতাইরির দাবি, ই-মেইলে ছয় মাসের নিষেধাজ্ঞা ও ১০ হাজার মার্কিন ডলার জরিমানার প্রস্তাব দেওয়া হয়েছিল। জবাব দেওয়ার জন্য তাকে মাত্র ১০ ঘণ্টা সময় দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে তিনি ১৪ দফায় নিজের বক্তব্য পাঠিয়েছেন। মাঝরাতে ই-মেইল পাঠানোর সময় নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
তিনি বলেন, ‘মাঝরাতে কেন পাঠালেন? সকাল ৯টা পর্যন্ত কি অপেক্ষা করা যেত না?’ তার অভিযোগ, সাফ আরবদের পছন্দ করে না। এ সময় তিনি ঘোষণা দেন, সাফ অঞ্চলে এটাই তার শেষবার আসা।
এর আগে রোববার টুর্নামেন্টের বাণিজ্যিক স্বার্থ নিয়েও প্রশ্ন তুলেছিলেন মুতাইরি। তিনি বলেছিলেন, ‘বাণিজ্যিক লাভের জন্য আপনারা যদি ভারত আর বাংলাদেশকে ফাইনালে চান, তাহলে ওই দুই দলকেই খেলিয়ে নিন।’
বুধবার ২০২৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের প্রসঙ্গ টেনে ভারতের সাবেক কোচ ইগর স্টিমাচের বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থার সঙ্গে নিজের পরিস্থিতির তুলনা করেন তিনি। ওই আসরে রেফারিদের সঙ্গে অসদাচরণের ঘটনায় লাল কার্ড দেখেছিলেন স্টিমাচ। পরে তাকে ৫০০ মার্কিন ডলার জরিমানা করা হয়।
মুতাইরি প্রশ্ন তোলেন, কোনো ইউরোপীয়, মার্কিন বা রুশ কোচের সঙ্গে সাফ একই আচরণ করত কি না। এ ছাড়া ২০২১ সালের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রসঙ্গও তুলে ধরেন তিনি। সে সময় নেপালের কোচ থাকাকালে দুই ম্যাচে দুটি হলুদ কার্ড পাওয়ায় তাকে টাচলাইনের বাইরে থাকতে হয়েছিল। ওই ঘটনার শাস্তিবিধি নিয়েও সাফের কাছে প্রশ্ন তোলেন তিনি।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





