মূল অংশে যান
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ · ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
খেলাধুলা

মেসি-পরবর্তী প্রথম ম্যাচেই ফাঁকা গ্যালারি, দর্শক টানতে ব্যর্থ আর্জেন্টিনা

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ণ · আপডেট: ১৪ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
মেসি-পরবর্তী প্রথম ম্যাচেই ফাঁকা গ্যালারি, দর্শক টানতে ব্যর্থ আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত

লিওনেল মেসির অবসরের পর নতুন যুগে পা রেখেছে আর্জেন্টিনা। তবে মেসিকে ছাড়া জাতীয় দলের প্রথম ম্যাচেই দর্শক উপস্থিতিতে দেখা গেল বড় ভাটা। উরুগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে বোকা জুনিয়র্সের মাঠ লা বমবোনেরার গ্যালারির বড় একটি অংশ ছিল ফাঁকা।

শনিবার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত ম্যাচটি ঘিরে দর্শকদের আগ্রহ কম থাকায় স্টেডিয়ামের কিছু অংশ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। ম্যাচ শুরুর আগে নর্তে বাইয়া অংশ খুলে দেওয়া হলে সেখানে দর্শক প্রবেশ করেন। দশ মিনিটের মধ্যে ওই অংশ পূর্ণ হলেও স্টেডিয়ামের বাকি অংশের চিত্র খুব একটা বদলায়নি।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ওলের খবর অনুযায়ী, ম্যাচটির জন্য ১০ হাজার টিকিট বিক্রি হয়েছিল। বাকি দর্শকেরা আমন্ত্রণে মাঠে আসেন। উরুগুয়ের সমর্থকদের জন্য নির্ধারিত অংশ বাদে স্টেডিয়ামের পুরো তৃতীয় তলা বন্ধ ছিল। দক্ষিণ প্রান্তের প্রথম ও দ্বিতীয় তলাতেও কোনো দর্শক ছিলেন না।

আয়োজকদের ভাষ্য, দর্শক কম থাকায় তাঁরা নিজেরাই স্টেডিয়ামের কিছু অংশ বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। ধারণক্ষমতার কোনো সীমাবদ্ধতা ছিল না। সব মিলিয়ে মাঠে উপস্থিত ছিলেন প্রায় ২৫ হাজার দর্শক, যা স্টেডিয়ামের মোট ধারণক্ষমতার অর্ধেকেরও কম।

দর্শক কম হওয়ার পেছনে টিকিটের উচ্চমূল্যও একটি কারণ বলে মনে করা হচ্ছে। গ্যালারির টিকিটের দাম ছিল ৯৫ হাজার পেসো। অথচ রিভারের মাঠে বেনিনের বিপক্ষে ম্যাচে একই ধরনের টিকিটের দাম ছিল ৯০ হাজার পেসো। উরুগুয়ের বিপক্ষে ম্যাচে চেয়ার টিকিটের দাম ছিল ১ লাখ ৪০ হাজার থেকে ২ লাখ ২০ হাজার পেসো। প্রিফারেনশিয়াল অংশের টিকিটের দাম ছিল ২ লাখ ৯০ হাজার পেসো।

টিকিট কেনার ব্যবস্থাও দর্শক উপস্থিতি কমার আরেকটি কারণ হতে পারে। টিকিট কিনতে যেতে হতো উরাকান স্টেডিয়ামে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অ্যাপেও টিকিট কেনার সুযোগ ছিল, তবে তাতে তেমন সাড়া মেলেনি।

এর আগে মনুমেন্তাল স্টেডিয়ামে মেসির বিদায়ী ম্যাচে দর্শকদের উপচে পড়া ভিড় ছিল। মাত্র এক মাসের ব্যবধানে সেই চিত্র পুরোপুরি বদলে গেছে।

আগামী বছরের মাঝামাঝি ২০৩০ বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হওয়ার কথা। গত দুই দশকে এই প্রথম মেসিকে ছাড়া খেলতে হচ্ছে আর্জেন্টিনাকে। তাই মেসি-পরবর্তী সময়ে দলের প্রতি দর্শকদের আগ্রহ ধরে রাখা এবং মাঠে দর্শক টানার ক্ষেত্রে এই ম্যাচের অভিজ্ঞতা তাদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।

গত ফিফা উইন্ডোতেও রিভারের মাঠে বুরকিনা ফাসোর বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে গ্যালারি পূর্ণ হয়নি। তবে তখন ফাঁকা আসনগুলো এতটা চোখে পড়েনি।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz