মূল অংশে যান
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ · ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
আন্তর্জাতিক

শুধু চীনা ‘গুপ্তচর’ নয়, অধীনস্থ আরেক নারী কর্মকর্তার সঙ্গেও প্রেম ছিল এনভিডিয়া সিইওর

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ণ · আপডেট: ১২ নভেম্বর ২০২৬, ৫:৪৭ অপরাহ্ণ · ৪ মিনিটে পড়ুন
শুধু চীনা ‘গুপ্তচর’ নয়, অধীনস্থ আরেক নারী কর্মকর্তার সঙ্গেও প্রেম ছিল এনভিডিয়া সিইওর
ছবি: সংগৃহীত

মার্কিন গোয়েন্দা সংস্থার দৃষ্টিতে চীনা গুপ্তচর হিসেবে চিহ্নিত এক নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগে তদন্তের মুখে থাকা এনভিডিয়ার প্রধান নির্বাহী (সিইও) জেনসেন হুয়াংয়ের আরেকটি বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য সামনে এসেছে। এবার তার সরাসরি অধীনস্থ এক নারী নির্বাহীর সঙ্গে সম্পর্কের কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির সাবেক ও বর্তমান পাঁচ কর্মী।

নাম প্রকাশ না করার শর্তে ওই পাঁচ ব্যক্তি জানান, জেনসেনের এই সম্পর্ক ছিল এনভিডিয়ার হেলথকেয়ার বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিম্বার্লি পাওয়েলের সঙ্গে। এর আগে এ সম্পর্কের তথ্য প্রকাশ্যে আসেনি।

এনভিডিয়ার আচরণবিধিতে কর্মীদের স্বার্থের সংঘাত তৈরি হতে পারে—এমন পরিস্থিতি এড়িয়ে চলার নির্দেশনা রয়েছে। এর মধ্যে ব্যক্তিগত সম্পর্কও অন্তর্ভুক্ত। নীতিমালায় আরও বলা হয়েছে, যেকোনো অসদাচরণের অভিযোগ দ্রুত তদন্ত করবে প্রতিষ্ঠানটি। অনেক করপোরেট প্রতিষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি অধীনস্থ কর্মীদের সঙ্গে প্রেমের সম্পর্কের বিষয়ে বিধিনিষেধ রয়েছে।

এনভিডিয়ার দুই কর্মীর ভাষ্য অনুযায়ী, গত মার্চে ক্যালিফোর্নিয়ার সান হোসেতে প্রতিষ্ঠানটির একটি সম্মেলন চলাকালে হোটেলে ৬৩ বছর বয়সী জেনসেন হুয়াং ও ৪৮ বছর বয়সী কিম্বার্লি পাওয়েলকে ঘনিষ্ঠ অবস্থায় ভিডিও করা হয়। তবে দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, তারা সরাসরি ভিডিওটি দেখেনি।

জেনসেন হুয়াং ও কিম্বার্লি পাওয়েল দুজনই বিবাহিত।

১৯৯৩ সালে এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা হিসেবে যাত্রা শুরু করা জেনসেন হুয়াং প্রতিষ্ঠানটিকে বিশ্বের শীর্ষ এআই চিপ সরবরাহকারীতে পরিণত করেছেন। তবে সাম্প্রতিক সময়ে তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে। গত মাসে দ্য নিউ ইয়র্ক টাইমস প্রথম জানায়, এক চীনা নারী নির্বাহীর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ওই নারীকে মার্কিন কর্মকর্তারা চীনা গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট বলে চিহ্নিত করেছেন।

চলতি মাসের শুরুতে জেনসেন হুয়াং ওই সম্পর্কের কথা স্বীকার করার পর এনভিডিয়ার পরিচালনা পর্ষদ নিরপেক্ষ তদন্ত শুরু করে। তদন্ত পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে মার্কিন আইনি প্রতিষ্ঠান ওয়াচটেল, লিপটন, রোজেন অ্যান্ড কাটজকে। এ ছাড়া মার্কিন কংগ্রেসের প্রভাবশালী তিনটি কমিটির রিপাবলিকান নেতারা আগামী ১৮ নভেম্বর জেনসেনকে হাজির হয়ে অ্যালিস হুয়াং নামের ওই চীনা নারীর সঙ্গে যোগাযোগের বিষয়ে রুদ্ধদ্বার বৈঠকে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

চীন সরকার অবশ্য গুপ্তচরবৃত্তির অভিযোগকে মিথ্যা ও অপপ্রচার বলে প্রত্যাখ্যান করেছে।

বুধবার মুঠোফোনে জেনসেন হুয়াংয়ের কাছে কিম্বার্লি পাওয়েলের সঙ্গে তার সম্পর্কের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, 'আমার মনে হয় না আপনার আমার সঙ্গে সরাসরি এভাবে কথা বলা উচিত।' এরপরই ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি।

এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি এনভিডিয়া। কিম্বার্লি পাওয়েলের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার বক্তব্য পাওয়া যায়নি। নতুন এই তথ্য প্রকাশের পর আফটার-আওয়ার্স লেনদেনে এনভিডিয়ার শেয়ারের দাম প্রায় ৮ শতাংশ কমে যায়।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, জেনসেন ও পাওয়েলের সম্পর্কের বিষয়টি ইতিমধ্যে প্রতিষ্ঠানটির ভেতরে আলোচনার জন্ম দিয়েছে।

২০০৮ সালে এনভিডিয়ায় যোগ দেন পাওয়েল। প্রতিষ্ঠানটির ওয়েবসাইট অনুযায়ী, স্বাস্থ্যসেবা ও উচ্চশিক্ষায় এনভিডিয়ার চিপ প্রযুক্তির ব্যবহার নিয়ে কাজ করেন তিনি। বিশেষ করে চিকিৎসাবিজ্ঞানের ইমেজিং ডিভাইসে এআইয়ের প্রয়োগসংক্রান্ত প্রকল্পগুলো দেখাশোনা করেন।

এনভিডিয়ায় দ্রুত পদোন্নতি পেয়েছেন পাওয়েল। ২০১৬ সালে তিনি এআই বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের সিনিয়র ডিরেক্টর হন। ২০১৭ সালের শেষ দিকে তাঁকে হেলথকেয়ার বিভাগের ভাইস প্রেসিডেন্ট পদে পদোন্নতি দেওয়া হয়। বিশ্বের বিভিন্ন বড় সম্মেলনে তিনি এনভিডিয়ার প্রতিনিধিত্ব করে বক্তব্য দিয়েছেন।

গত মার্চে সান হোসেতে এনভিডিয়ার বার্ষিক ডেভেলপার সম্মেলন 'জিটিসি'তে চিকিৎসাবিজ্ঞান ও জীববিজ্ঞানে এআইয়ের ব্যবহার নিয়ে বক্তব্য দেন পাওয়েল। তাঁর উপস্থাপনায় জেনসেন হুয়াংয়ের একটি কার্টুন চিত্রও ব্যবহার করা হয়েছিল।

ওই সম্মেলন চলাকালে পাশের একটি হোটেলে এনভিডিয়ার কর্মকর্তাদের বৈঠক চলছিল। তিন প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী, হোটেলের লবিতে জেনসেন ও পাওয়েলকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে এক ব্যক্তি নিজের মুঠোফোনে তাদের ভিডিও ধারণ করেন।

ঘটনাটি জেনসেনের ব্যক্তিগত নিরাপত্তাকর্মীদের নজরে আসে। তারা ওই ব্যক্তিকে একটি আলাদা কক্ষে নিয়ে যান এবং ঘটনাটি কাউকে না জানানোর শর্তে একটি গোপনীয়তা চুক্তিতে (নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট বা এনডিএ) স্বাক্ষর করতে বলেন।

অধীনস্থ কর্মীর সঙ্গে সম্পর্কের কারণে মার্কিন শীর্ষ নির্বাহীদের পদ ছাড়ার নজির রয়েছে। ২০১৮ সালে এক নারী কর্মীর সঙ্গে অতীত সম্পর্কের কথা স্বীকার করার পর চিপ নির্মাতা ইনটেলের প্রধান নির্বাহীর পদ ছাড়েন ব্রায়ান ক্রজানিচ। পরের বছর একাধিক অধীনস্থ কর্মীর সঙ্গে সম্পর্কের কারণে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ম্যাকডোনাল্ডসের সিইও স্টিভ ইস্টারব্রুককে বরখাস্ত করা হয়। পরে তার বিরুদ্ধে মামলাও করে প্রতিষ্ঠানটি।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz