ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী
ইরানের পক্ষ থেকে প্রাণনাশের হুমকি পাওয়ার পর বাসভবন ছেড়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। মঙ্গলবার (১০ নভেম্বর) দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা গত মাসের শেষ দিকে সতর্ক করেছিলেন, মার্কিন কর্মকর্তা ও নাগরিকদের বিরুদ্ধে ইরানের ষড়যন্ত্র একটি উন্নত পর্যায়ে পৌঁছেছে।
গত আগস্ট থেকে ইরানের বিরুদ্ধে পরিচালিত ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নামের নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপ প্রয়োগ অভিযানের নেতৃত্ব দিচ্ছেন বেসেন্ট। এই অভিযানের লক্ষ্য ছিল জাহাজ চলাচলে হামলা বন্ধ করা এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে তেহরানকে বাধ্য করা। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে গুরুত্বপূর্ণ এই নৌপথটি কার্যত বন্ধ রয়েছে।
ইরানি বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধের পাশাপাশি এই অভিযানের আওতায় ইরানের সঙ্গে লেনদেনে সহায়তাকারী মধ্যপ্রাচ্যের বিভিন্ন ব্যাংকের শাখা ও আর্থিক সেবা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এদিকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতার প্রচেষ্টা চলার মধ্যেই মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, ওমানের একটি দ্বীপে অবস্থিত সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। তেহরানের দাবি, ওই ঘাঁটি হরমুজ প্রণালিতে মার্কিন সামরিক জাহাজ পাহারায় সহায়তা করছিল।
মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এক মুখপাত্র ইমেইলে দেওয়া বিবৃতিতে বলেন, ইরানি শাসনের হুমকিতে অর্থমন্ত্রী দমে যাবেন না। তিনি ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ বাস্তবায়ন এবং অবরোধ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বেসেন্টের প্রতি হুমকির মাত্রা কতটা গুরুতর, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।
বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র জানায়, ২০২৫ সালের জানুয়ারিতে অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পরপরই ১ কোটি ২৫ লাখ ডলারে কেনা জর্জটাউনের একটি বাড়ির আকাশপথে তোলা ছবি ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত হওয়ার পর তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ে।
সূত্রটির দাবি, ওই ছবি থেকে বেসেন্টের বাড়ির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়েছিল। এরপর নিরাপত্তার স্বার্থে তাকে সামরিক ঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় জনপ্রতিনিধিদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে সংবাদমাধ্যমকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্রের মাটিতে কর্মকর্তা বা ব্যক্তিদের ওপর হামলার ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার করেছে ইরান।
দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, মার্কিন কর্মকর্তারা মনে করছেন, যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে কিংবা বিদেশের অন্যান্য অঞ্চলে বড় ধরনের হামলা চালানোর ক্ষেত্রে ইরানের সক্ষমতা সীমিত।
চলমান যুদ্ধে ইরান ও লেবাননে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় হাজার হাজার মানুষ নিহত এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এসব হামলায় ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ দেশটির শীর্ষ কর্মকর্তারাও নিহত হয়েছেন।
সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





