ইসরাইলি হামলায় নিহত হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার
যুদ্ধবিরতি সত্ত্বেও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামাসের সামরিক কমান্ডারদের লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। এবার সংগঠনটির রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে হামাস। তিনি ‘আবু মাহমুদ’ নামেও পরিচিত ছিলেন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সামির আবু ইউনুসের আগে রাফাহ ব্রিগেডের দায়িত্বে ছিলেন নায়েল আবু ওবেইদ। ‘আবু আতিয়া’ নামে পরিচিত এই কমান্ডার ২০২৬ সালের সেপ্টেম্বরে নিহত হন। এরপর তার স্থলাভিষিক্ত হন সামির আবু ইউনুস।
এর আগে বৃহস্পতিবার গাজার নাসের মেডিকেল কমপ্লেক্সে হামলা চালায় ইসরাইলি বাহিনী। ইসরাইলের দাবি, ওই হামলায় হামাসের খান ইউনুস ব্রিগেডের কমান্ডার মুহাম্মদ আবু ইসমাইল এবং হাসপাতালে আশ্রয় নেওয়া কয়েকজন যোদ্ধাকে লক্ষ্যবস্তু করা হয়।
তবে হামলায় একজন চিকিৎসক ও এক শিশুসহ ছয়জন নিহত হন। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে হামাস। সংগঠনটি হামলাটিকে ‘যুদ্ধাপরাধ’ বলে আখ্যা দিয়েছে।
হামাসের দাবি, হামাস সদস্যদের লক্ষ্যবস্তু করার বিষয়ে ইসরাইলের বক্তব্য বেসামরিক চিকিৎসাকেন্দ্রে সংঘটিত যুদ্ধাপরাধ আড়াল করার চেষ্টা। আন্তর্জাতিক আইন অনুযায়ী, এ ধরনের চিকিৎসাকেন্দ্র সুরক্ষিত।
এর আগে এক বিবৃতিতে হামাস বলেছিল, দখলদার বাহিনীর চলমান লঙ্ঘন বন্ধ এবং যুদ্ধবিরতি মেনে চলা নিশ্চিত করতে মধ্যস্থতাকারী ও যুক্তরাষ্ট্রের প্রশাসনকে পদক্ষেপ নিতে হবে।
গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, তথাকথিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় অন্তত ১ হাজার ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
তথ্যসূত্র: আল জাজিরা
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





