মূল অংশে যান
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ · ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
আন্তর্জাতিক

মিসিসিপিতে পণ্যবাহী জাহাজের সঙ্গে প্রমোদতরির ভয়াবহ সংঘর্ষ, টাইটানিকের মতো পরিস্থিতিতে প্রাণে বাঁচলেন ১২৯ আরোহী

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ৪:০১ অপরাহ্ণ · আপডেট: ১৬ নভেম্বর ২০২৬, ২:৩৪ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
মিসিসিপিতে পণ্যবাহী জাহাজের সঙ্গে প্রমোদতরির ভয়াবহ সংঘর্ষ, টাইটানিকের মতো পরিস্থিতিতে প্রাণে বাঁচলেন ১২৯ আরোহী
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্সে মিসিসিপি নদীতে পণ্যবাহী জাহাজের সঙ্গে একটি যাত্রীবাহী প্রমোদতরির ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রমোদতরিটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও ১২৯ জন যাত্রী ও ক্রু প্রাণে বেঁচে গেছেন। অল্পের জন্য বড় ধরনের প্রাণহানি এড়ানোয় ঘটনাটিকে ‘মিরাকল অব মিসিসিপি’ বলে অভিহিত করেছেন মার্কিন কর্মকর্তারা।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ‘আমেরিকান হেরিটেজ’ নামের প্রমোদতরিটি মিসিসিপি নদীতে নোঙর করা অবস্থায় ছিল। এ সময় পাশ দিয়ে যাওয়ার সময় ‘আটলান্টিক অ্যাসফাল্ট’ নামের একটি পণ্যবাহী জাহাজ সেটিকে সজোরে ধাক্কা দেয়।

সংঘর্ষের তীব্রতায় প্রমোদতরিটি একদিকে হেলে পড়ে এবং প্রায় উল্টে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়। এ ঘটনায় ৩২ জন আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিকভাবে জানানো হয়, আহতদের কারও অবস্থা গুরুতর নয়। তবে শনিবার পর্যন্ত নয়জন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

নিউ অরলিন্সের মেয়র হেলেনা মোরেনো জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করেন। যাত্রীদের নিরাপদে সরিয়ে নিতে পুলিশ, টাগবোট চালক ও অন্যান্য উদ্ধারকারী দল একযোগে কাজ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাময়িকভাবে মিসিসিপি নদীতে নৌযান চলাচল বন্ধ রাখা হয়।

বন্দর কর্তৃপক্ষের প্রধান মেলানি মন্টরোল জানান, প্রমোদতরিতে পানি প্রবেশ করতে শুরু করলে দ্রুত যাত্রীদের সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। অন্যদিকে মার্কিন কোস্টগার্ডের ক্যাপ্টেন মেলানি বার্নহাম প্রাথমিকভাবে ধারণা করছেন, পণ্যবাহী জাহাজটির নিয়ন্ত্রণব্যবস্থায় ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

দুর্ঘটনায় প্রমোদতরির ক্যাপ্টেনও আহত হন। তবে সব যাত্রী ও ক্রু নিরাপদে আছেন কি না, তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তিনি নিজের চিকিৎসা নিতে রাজি হননি বলে জানিয়েছেন মেয়র।

প্রমোদতরির এক যাত্রী জো ন্যাব জানান, সংঘর্ষের পর জাহাজটি দ্রুত কাত হয়ে যায়। এ সময় তিনি পানিতে পড়ে যান এবং উদ্ধার পাওয়ার আগে প্রায় ২০ মিনিট পানিতে ভেসে ছিলেন।

অন্যদিকে প্রত্যক্ষদর্শী জেমি হলফোর্ড জানান, সংঘর্ষের পর প্রমোদতরিটি ডকের সঙ্গে ধাক্কা খায়। বিকট শব্দে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। অনেক যাত্রী ও ক্রুকে জাহাজ থেকে বেরিয়ে আসার সময় কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।

এ ঘটনায় উদ্ধারকর্মীদের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি উদ্ধার অভিযানকে অসাধারণ বলে উল্লেখ করেন। লুইজিয়ানার গভর্নর জেফ ল্যান্ড্রিও বিপুলসংখ্যক মানুষকে নিরাপদে উদ্ধারের ঘটনাকে ‘মিরাকল অব মিসিসিপি’ বলে অভিহিত করেন।

উল্লেখ্য, আট দিনের ভ্রমণ শেষে নিউ অরলিন্সে এসে নোঙর করেছিল ‘আমেরিকান হেরিটেজ’। যাত্রাপথে লুইজিয়ানা ও মিসিসিপি অঙ্গরাজ্যের বিভিন্ন স্থানে যাত্রাবিরতি ছিল। ২০১৫ সালে নির্মিত চার ডেকের এই জাহাজে ১৫০ জনের বেশি যাত্রী ধারণক্ষমতা রয়েছে। এতে কাচঘেরা রেস্তোরাঁ, ব্যায়ামাগার ও তিনটি অতিথি লাউঞ্জ রয়েছে।

দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত অব্যাহত রয়েছে।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz