মূল অংশে যান
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ · ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
আন্তর্জাতিক

দুই হাজার কিলোমিটারের সীমা ছাড়িয়ে ক্ষেপণাস্ত্র তৈরির পথে ইরান?

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ৩:৫০ অপরাহ্ণ · আপডেট: ১৭ নভেম্বর ২০২৬, ৬:৪৩ অপরাহ্ণ · ৩ মিনিটে পড়ুন
দুই হাজার কিলোমিটারের সীমা ছাড়িয়ে ক্ষেপণাস্ত্র তৈরির পথে ইরান?

ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা দুই হাজার কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ রাখার নীতি থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছেন দেশটির সামরিক কর্মকর্তারা। সাম্প্রতিক এক ঘোষণায় এই সীমাবদ্ধতা তুলে নেওয়ার কথা জানানো হয়েছে। তবে ইরান ইতোমধ্যে দুই হাজার কিলোমিটারের বেশি পাল্লার কোনো ক্ষেপণাস্ত্র তৈরি বা মোতায়েন করেছে কি না, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে যুক্ত শীর্ষ সামরিক কর্মকর্তারা দীর্ঘদিন ধরে বলে আসছেন, দুই হাজার কিলোমিটারের সীমা কোনো প্রযুক্তিগত অক্ষমতার কারণে নয়; বরং এটি দেশটির নিজস্ব প্রতিরক্ষা নীতির অংশ।

২০১৭ সালের নভেম্বরে আইআরজিসির তৎকালীন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আজিজ জাফরি বলেছিলেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও স্বার্থ দুই হাজার কিলোমিটারের মধ্যেই থাকায় এই পাল্লাকে যথেষ্ট মনে করে তেহরান। ২০১৮ সালের ডিসেম্বরে জেনারেল আমির আলী হাজিজাদেহও বলেছিলেন, দুই হাজার কিলোমিটারের সীমা কোনো ‘ঐশী বাণী’ নয়। এর চেয়ে বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা ইরানের রয়েছে।

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির অন্যতম প্রধান ব্যক্তি ছিলেন হাসান তেহরানি মোকাদ্দাম। ১৯৮০-এর দশকে ইরাকের সঙ্গে যুদ্ধের সময় বিদেশি অস্ত্রের ওপর নির্ভরতা কমিয়ে নিজস্ব ক্ষেপণাস্ত্র সক্ষমতা গড়ে তোলার উদ্যোগ নেন তিনি। ১৯৮৩ সালে তার নেতৃত্বে ক্ষেপণাস্ত্র ইউনিটের যাত্রা শুরু হয়। ১৯৮৫ সালের ফেব্রুয়ারিতে ওই ইউনিট প্রথমবারের মতো ইরাকের কিরকুকের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

বর্তমানে ইরানের অস্ত্রভান্ডারে দুই হাজার কিলোমিটার পাল্লার ‘সেজিল’ ও ‘খোররামশাহর-৪’ বা ‘খাইবার’ ক্ষেপণাস্ত্র রয়েছে। খাইবার প্রায় দেড় হাজার কেজি ওজনের ওয়ারহেড বহনে সক্ষম। এ ছাড়া ‘এমাদ’ ক্ষেপণাস্ত্রের পাল্লা ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৭০০ কিলোমিটার এবং ‘ফাত্তাহ’ ক্ষেপণাস্ত্রের পাল্লা ১ হাজার ৪০০ কিলোমিটার বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গত ৭ নভেম্বর আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি ক্ষেপণাস্ত্রের পাল্লার সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে বলে ঘোষণা দেন। এর আগে ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি সামরিক কমান্ডারদের সঙ্গে বৈঠকে ভৌগোলিক সীমারেখা বিবেচনা না করে যেকোনো হুমকির তাৎক্ষণিক ও কার্যকর জবাব দেওয়ার ওপর গুরুত্ব দেন।

বিশ্লেষকদের মতে, ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানো কেবল জ্বালানি ধারণক্ষমতা বাড়ানোর বিষয় নয়। এর সঙ্গে প্রপালশন প্রযুক্তি, উন্নত ধাতব পদার্থ, গাইডেন্স ব্যবস্থা ও তাপ নিয়ন্ত্রণের মতো জটিল প্রযুক্তি জড়িত। ইরান নিজস্ব প্রযুক্তিতে স্যাটেলাইট উৎক্ষেপণ যান তৈরি করেছে। এসব প্রযুক্তির অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশটি আরও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

২০২৫ সালের ১৭ জুন প্রকাশিত মার্কিন কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের এক প্রতিবেদনে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে বলা হয়, ইরান চাইলে মহাকাশ প্রযুক্তি ব্যবহার করে ২০৩৫ সালের মধ্যে সামরিকভাবে কার্যকর আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারে।

তবে শুধু ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ালেই কার্যকর সামরিক সক্ষমতা তৈরি হয় না। লক্ষ্যবস্তু শনাক্তকরণ, নিখুঁত গোয়েন্দা তথ্য এবং ক্ষেপণাস্ত্রের নির্ভরযোগ্যতাও গুরুত্বপূর্ণ। ইরান এই প্রযুক্তিগত ও কৌশলগত চ্যালেঞ্জ কতটা মোকাবিলা করতে পারে, তা এখন দেখার বিষয়।

তথ্যসূত্র: মেহের নিউজ

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz