বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ব্যাহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা বরখাস্ত: মীর শাহে আলম
পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ব্যাহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক বরখাস্তসহ বিভাগীয় ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বুধবার (১১ নভেম্বর) আগারগাঁওয়ের এলজিইডি ভবনে আয়োজিত জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. শহীদুল হাসান।
প্রতিমন্ত্রী বলেন, অধিকাংশ পৌরসভায় এখনো নির্দিষ্ট ল্যান্ডফিল নেই। খোলা জায়গায় বর্জ্য ফেলার কারণে পরিবেশ ও জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে। তাই আধুনিক প্রযুক্তিনির্ভর ল্যান্ডফিল নির্মাণের পাশাপাশি বর্জ্য থেকে বিদ্যুৎ ও সার উৎপাদনের উদ্যোগ নিতে হবে।
কর্মশালায় ৬১টি পৌরসভার মধ্যে ১৭ জন প্রশাসক ও ১৯ জন পৌর নির্বাহী কর্মকর্তার অনুপস্থিতিতে অসন্তোষ প্রকাশ করেন তিনি। সরকারি অর্থ ব্যয়ে আয়োজিত গুরুত্বপূর্ণ কর্মশালায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অনুপস্থিতিকে উদাসীনতা হিসেবে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
তিনি আরও বলেন, অতীতে রাজনৈতিক প্রভাবের কারণে পৌরসভার মাস্টারপ্ল্যান তৈরিতে অনিয়ম হয়েছে। ভবিষ্যতে জেলাভিত্তিক ও 'ক' শ্রেণির পৌরসভাগুলোকে অগ্রাধিকার দিতে হবে।
এলজিইডির মাধ্যমে সারা দেশে ১ লাখ ২০ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী রাস্তাঘাট নির্মাণের পাশাপাশি শিশু পার্ক, কবরস্থান, সুপেয় পানির সরবরাহ, খাল-জলাশয় সংরক্ষণ ও বৃক্ষরোপণে গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন।
জন্ম ও মৃত্যু নিবন্ধনসহ নাগরিক সেবায় হয়রানি ও দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার ঘোষণা দিয়ে তিনি বলেন, ইচ্ছাকৃতভাবে সেবা বন্ধ রেখে নাগরিকদের কাছ থেকে অনৈতিক সুবিধা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এসব কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা হবে না। পাশাপাশি সোলার প্যানেলের জন্য বরাদ্দ অর্থ অব্যবহৃত রাখলেও সংশ্লিষ্ট পৌরসভার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সামাজিক সুরক্ষা কর্মসূচির বিষয়ে প্রতিমন্ত্রী জানান, আগামী চার বছরের মধ্যে ৪ কোটি পরিবারের গৃহকর্তীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। চলতি বছর ১৩ হাজার কোটি টাকা বরাদ্দে ৪১ লাখ নারীকে এ সুবিধার আওতায় আনা হবে।
এ ছাড়া পিছিয়ে পড়া যুবকদের কর্মসংস্থানের জন্য ইংরেজির পাশাপাশি আরবি, মালয়, কোরিয়ান ও জাপানি ভাষা শেখানোর প্রশিক্ষণ চালুর আহ্বান জানান তিনি। কর্মশালায় স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, এলজিইডির প্রকৌশলী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিভিন্ন পৌরসভার প্রশাসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz






