৩০ টাকা করে মাসে ১০ কেজি চাল পাবেন পোশাকশ্রমিকেরা
প্রয়োজনীয় অর্থ বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। ২০ নভেম্বর থেকে চালু হতে পারে এই কর্মসূচি। সপ্তাহে প্রতি শুক্রবার ট্রাকে করে এই চাল বিক্রি করা হবে।
পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির বিশেষ ওএমএস কর্মসূচি চালু করছে সরকার। এ কার্যক্রমে একজন শ্রমিক মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন।
প্রাথমিকভাবে তিন মাসের জন্য চালু হতে যাওয়া এ কর্মসূচি ঢাকা মহানগর, ঢাকা জেলার অন্যান্য এলাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগর ও জেলার অন্যান্য এলাকায় বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। আগামী ২০ নভেম্বর থেকে কার্যক্রমটি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
খাদ্য মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, প্রতি শুক্রবার পোশাকশিল্পের শ্রমিকদের জন্য ৭৫টি খোলা ট্রাকের মাধ্যমে চাল বিক্রি করা হবে। প্রতিটি ট্রাকে পাঁচ টন করে মোট ৩৭৫ টন চাল সরবরাহ করা হবে।
এ কর্মসূচি বাস্তবায়নে চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে অতিরিক্ত ৪ হাজার ৫০০ টন চাল বরাদ্দ এবং ট্রাক পরিচালনা, পরিবহন ও আনুষঙ্গিক ব্যয়ের জন্য বিশেষ অর্থ বরাদ্দ চেয়েছে খাদ্য মন্ত্রণালয়।
তবে শ্রমিকপক্ষের প্রতিনিধিরা মনে করছেন, শুধু চাল বিক্রির এ উদ্যোগ শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় কমাতে যথেষ্ট নয়। তাঁদের মতে, ছুটির দিনে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে চাল কেনার পরিবর্তে কারখানার গেট থেকেই সাশ্রয়ী মূল্যে চাল, ডাল, তেল, লবণ ও চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করা উচিত।
উল্লেখ্য, দেশে বর্তমানে ৩ হাজার ৩২০টি পোশাক কারখানায় প্রায় ২৯ লাখ ৮৭ হাজার শ্রমিক কর্মরত রয়েছেন। তাঁদের মধ্যে ৫৭ শতাংশই নারী।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz






