লন্ডনে হামলার দায় বাংলাদেশের বর্তমান সরকারের, অভিযোগ নাহিদের
যুক্তরাজ্যের লন্ডনে গণসংবর্ধনা অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের ওপর হামলার ঘটনায় বাংলাদেশের বর্তমান সরকারকে দায়ী করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেছেন, আওয়ামী লীগের নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সরকার তাদের পুনর্বাসনের সুযোগ করে দিয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় পূর্ব লন্ডনের মেফেয়ার ভেন্যুতে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স যুক্তরাজ্যের আয়োজনে অনুষ্ঠিত গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশে যে নৈরাজ্য ও নাশকতা চালাচ্ছে, তার কিছু চিত্র যুক্তরাজ্যেও দেখা যাচ্ছে। এর দায় বর্তমান সরকারের। ৫ আগস্ট বাংলাদেশের সাধারণ মানুষ ও ছাত্র-জনতা জীবন ও রক্তের বিনিময়ে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে। এরপরও ফ্যাসিবাদী ও মুজিববাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর বিএনপি বিভিন্ন প্রক্রিয়ায় আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করেছে। গত সাত মাসে রিকনসিলিয়েশন ও ইনক্লুসিভিটির নামে আওয়ামী লীগকে রাজনৈতিক পরিসর দেওয়ার চেষ্টা হয়েছে। বিএনপির একটি অংশও আওয়ামী লীগকে পুনর্বাসনে কাজ করেছে। অথচ এখন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের মুখে বিএনপি অসহায় হয়ে বিরোধী দলের সহযোগিতা চাইছে।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, এনসিপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনাকে স্বরাষ্ট্রমন্ত্রী শর্টসার্কিটজনিত দুর্ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা করেছেন। অথচ সেখানে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলার দায় স্বীকার করেছে বলে দাবি করেন তিনি।
এদিকে গণসংবর্ধনা অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের ওপর হামলার ঘটনা ঘটে। আয়োজকদের দাবি, অনুষ্ঠানস্থলের বাইরে অবস্থান নেওয়া আওয়ামী লীগের কর্মীরা এ হামলা চালান। এতে প্রায় ১০ জন আহত হয়েছেন। তবে হামলার সময় নাহিদ ইসলামসহ অধিকাংশ অতিথি অনুষ্ঠানস্থল ত্যাগ করেছিলেন। এ সময় এনসিপির নেতাকর্মী ও অংশগ্রহণকারীরা প্রতিরোধ গড়ে তুললে হামলাকারীরা পালিয়ে যায়।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম হামলার নিন্দা জানান। তিনি বলেন, অনুষ্ঠানে অংশ নেওয়া সাধারণ প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
তিনি যুক্তরাজ্য সরকারের প্রতি হামলার ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্তের আহ্বান জানান। একই সঙ্গে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
অনুষ্ঠানে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক, আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদসহ বিভিন্ন রাজনৈতিক দল ও প্রবাসী সংগঠনের নেতারা বক্তব্য দেন।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





