মূল অংশে যান
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ · ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
সারাদেশ

সুন্দরবনের প্রাণ-প্রকৃতি রক্ষায় ১০ মাসে ৪০৩ মামলা, গ্রেপ্তার ৩৯৪

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ণ · আপডেট: ১০ নভেম্বর ২০২৬, ৮:৫১ অপরাহ্ণ · ৩ মিনিটে পড়ুন
সুন্দরবনের প্রাণ-প্রকৃতি রক্ষায় ১০ মাসে ৪০৩ মামলা, গ্রেপ্তার ৩৯৪
ছবি: সংগৃহীত

বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের অভিযান জোরদার করা হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে সুন্দরবন পশ্চিম বিভাগের খুলনা ও সাতক্ষীরা রেঞ্জে ৪০৩টি মামলা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তার করা হয়েছে ৩৯৪ জনকে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, হরিণ শিকার, অবৈধভাবে মাছ ও কাঁকড়া আহরণ, বিষ প্রয়োগে মাছ ধরা এবং অন্যান্য বন অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও টহল পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সরঞ্জাম ও বনজ সম্পদ জব্দ করা হয়েছে।

অভিযানে জব্দ করা হয়েছে ২ হাজার ৮৯২ মিটার হরিণ ধরার ফাঁদ, ৫২২ কেজি হরিণের মাংস, ২৯টি ট্রলার, ৪০৫টি নৌকা, ৪৮৩টি অবৈধ কাঁকড়া ধরার আটন, ৯ হাজার ৫৩২ মিটার দড়ি, ৩ হাজার ৭৬০ কেজি মাছ এবং ৪ হাজার ১৪২ কেজি অবৈধভাবে আহরিত কাঁকড়া। এ ছাড়া ১৮৮ বোতল মাছ ধরার অবৈধ কীটনাশক ও ১ হাজার ২৭৩ কেজি মধু জব্দ করা হয়েছে।

সুন্দরবনের নদী ও খালে বিষ প্রয়োগ করে মাছ শিকার বনটির জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। একশ্রেণির অসাধু চক্র পানিতে কীটনাশক ছড়িয়ে মাছ শিকার করছে। এতে মাছের পাশাপাশি চিংড়ি, কাঁকড়া, জলজ কীটপতঙ্গসহ বিভিন্ন প্রাণী ক্ষতিগ্রস্ত হচ্ছে। নষ্ট হচ্ছে জলজ খাদ্যশৃঙ্খলের ভারসাম্য।

স্থানীয় জেলে আব্দুল সালাম বলেন, আগে সুন্দরবনের নদী-খালে প্রচুর মাছ পাওয়া যেত। কিন্তু বিষ প্রয়োগ করে মাছ ধরার কারণে মাছের পরিমাণ কমে যাচ্ছে। এতে প্রকৃত জেলেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বন বিভাগ ও প্রশাসনের নিয়মিত অভিযান এবং কঠোর নজরদারি প্রয়োজন।

সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির বলেন, বিষ প্রয়োগ করে মাছ ধরার ফলে শুধু মাছ নয়, অন্যান্য জলজ প্রাণীও ক্ষতিগ্রস্ত হয়। পানিতে বিষাক্ত পদার্থ ছড়িয়ে পড়লে জলজ বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। পাশাপাশি দূষিত মাছ খাওয়ার মাধ্যমে মানুষের স্বাস্থ্যঝুঁকিও তৈরি হতে পারে।

এদিকে বন্যপ্রাণী শিকার ও বন অপরাধে জড়িতদের শনাক্ত করতে সুন্দরবন পশ্চিম বিভাগ ১৩৫ জনের একটি বিশেষ তালিকা তৈরি করেছে। তালিকাভুক্ত ব্যক্তিদের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি বন অপরাধ দমনে স্টেশন ও টহল ফাঁড়িগুলোকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. সাজমিনুল ইসলাম জানান, হরিণ ও বন্যপ্রাণী শিকার এবং বিষ প্রয়োগে মাছ ধরা বন্ধে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য স্টেশন ও টহল ফাঁড়ির কর্মীদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। বিভিন্ন অভিযানে অবৈধ জাল, নৌকা, আটনসহ বন অপরাধে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়েছে।

অন্যদিকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম বলেন, বনরক্ষীরা ঝুঁকি ও প্রতিকূলতা উপেক্ষা করে দুর্গম এলাকায় পায়ে হেঁটে এবং নদীপথে নিয়মিত টহল দিচ্ছেন। ফুট পেট্রোলিংয়ের পাশাপাশি ড্রোনের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে। সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও জানান, এসব উদ্যোগের ফলে বন অপরাধ অনেকাংশে কমানো সম্ভব হয়েছে। তবে অপরাধীদের আটক করতে গিয়ে বনের গভীরে বনকর্মীদের প্রতিনিয়ত সংঘবদ্ধ হামলার মুখেও পড়তে হচ্ছে।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz