ফরিদপুরে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত চালক নিহত
ফরিদপুর শহরের গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক কালাচাঁদ (৫০) দগ্ধ হয়ে নিহত হয়েছেন।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
নিহত কালাচাঁদ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামের বাসিন্দা। তিনি ফরিদপুর-টেকেরহাট-মাদারীপুর রুটে চলাচলকারী ‘কিশোর-তনয়’ পরিবহনের একটি বাসের চালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাসটি গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ডের সামনে সড়কের ওপর দাঁড় করানো ছিল। এ সময় চালক বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন। পরে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে কোতোয়ালি থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দগ্ধ চালককে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধান এবং ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





