বাল্যবিয়ে ঠেকাতে মাদ্রাসা সুপারকে চিঠি, ‘আমি লেখাপড়া করতে চাই’
‘আমি লেখাপড়া করতে চাই’, বাল্যবিয়ে ঠেকাতে মাদ্রাসা সুপারকে শিক্ষার্থীর চিঠি
পটুয়াখালীর গলাচিপায় পরিবারের সিদ্ধান্তে বাল্যবিয়ের আয়োজন করা হলেও এতে সম্মতি নেই সপ্তম শ্রেণির শিক্ষার্থী ঝুমুর আক্তারের (১৪)। সে পড়াশোনা চালিয়ে নিজের পায়ে দাঁড়াতে চায়। বিয়ে বন্ধের অনুরোধ জানিয়ে মাদ্রাসার সুপারের কাছে লিখিত আবেদন করেছে মেধাবী এই শিক্ষার্থী।
ঝুমুর চরকাজল ইউনিয়নের ছোট শিবা ছালেহিয়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী। শ্রেণিতে সে প্রথম স্থান অধিকার করেছে। ২০১২ সালের ২৮ মার্চ জন্ম নেওয়া ঝুমুরের বয়স বর্তমানে ১৪ বছর। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার (৯ নভেম্বর) তার বিয়ের দিন নির্ধারণ করা হয়েছিল।
রোববার (৮ নভেম্বর) মাদ্রাসার সুপার মো. হারুন অর রশিদের কাছে দেওয়া আবেদনে ঝুমুর জানায়, তার মতামত ছাড়াই পরিবারের সদস্যরা বিয়ের আয়োজন করেছেন। তবে সে এখন বিয়ে করতে চায় না। ভবিষ্যতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য পড়াশোনা চালিয়ে যেতে চায়।
আবেদনে নিজের অসহায়ত্বের কথা তুলে ধরে ঝুমুর লেখে, পরিবারের সদস্যরা তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়ার চেষ্টা করছেন। সে লেখাপড়া করতে চায়। পড়াশোনা অব্যাহত রাখতে প্রয়োজনে সংশ্লিষ্টদের কাছে তার দায়িত্ব নেওয়ারও অনুরোধ জানিয়েছে সে।
মাদ্রাসার সুপার মো. হারুন অর রশিদ জানান, বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। এর বাইরে তার কিছু করার নেই।
এ বিষয়ে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক বলেন, বিষয়টি জানার পর সংশ্লিষ্ট ব্যক্তির বাড়িতে গ্রাম পুলিশ ও তহশিলদার পাঠানো হয়েছে। তাদের মাধ্যমে বাল্যবিয়ে বন্ধ করা সম্ভব হয়েছে। তহশিলদার ওই শিক্ষার্থীর বাবা ও তাকে ইউএনওর কার্যালয়ে নিয়ে আসছেন। তারা আসার পর শিক্ষার্থীর বাবার সঙ্গে কথা বলা হবে।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





