মূল অংশে যান
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ · ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
সারাদেশ

আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাই পণ্য জব্দ

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ৬:২৬ পূর্বাহ্ণ · আপডেট: ১২ নভেম্বর ২০২৬, ৬:১৭ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাই পণ্য জব্দ
ছবি: সংগৃহীত

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে চোরাচালান, মাদক ও মানব পাচারবিরোধী অভিযান জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় যশোর দক্ষিণ-পশ্চিম রিজিয়নের আওতাধীন প্রায় ৬০০ কিলোমিটার সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসানের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুষ্টিয়া ও খুলনা সেক্টরের সাতটি ব্যাটালিয়ন এবং ১১৬টি বিওপির মাধ্যমে প্রতিদিন গড়ে ৪৬৪টি টহল পরিচালনা করা হচ্ছে।

গত ১ সেপ্টেম্বর থেকে দক্ষিণ-পশ্চিম রিজিয়নের বিভিন্ন অভিযানে ১৫২ জন আসামিসহ প্রায় ৫২ কোটি ৯ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ করা হয়েছে। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৯ কেজি স্বর্ণ, পাঁচটি বিভিন্ন ধরনের অস্ত্র ও ছয় রাউন্ড গুলি।

এছাড়া মাদকবিরোধী অভিযানে ২ হাজার ৯৪৬ বোতল মদ, ১ হাজার ১৬ বোতল ফেনসিডিল, ৭ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ১৮৯ কেজি গাঁজা, ৬১ হাজার ২৬০ পিস ইয়াবা এবং ৩ লাখ ২ হাজার ২২৮টি অন্যান্য নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়েছে। এসব মাদকের বাজারমূল্য প্রায় ৩০ কোটি ২৬ লাখ টাকা। সব মিলিয়ে জব্দ করা মাদক ও চোরাই পণ্যের বাজারমূল্য প্রায় ৮২ কোটি ৩৫ লাখ টাকা।

বিজিবি জানায়, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও মানব পাচার প্রতিরোধেও সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি স্থানীয় প্রশাসন, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।

এছাড়া সীমান্তবর্তী এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখা, ভোজ্যতেল ও জ্বালানি তেলের অবৈধ মজুত, কৃত্রিম সংকট এবং পাচার প্রতিরোধেও প্রয়োজনীয় কার্যক্রম চালানো হচ্ছে। প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও পতাকা বৈঠকের মাধ্যমেও সীমান্তসংক্রান্ত বিরোধ নিরসনে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, সীমান্ত অপরাধ ও মাদকমুক্ত সমাজ গঠন এবং দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বিজিবির পাশাপাশি স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক, জনপ্রতিনিধি, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা বদ্ধপরিকর।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz