ববিতে সাইবার সচেতনতা বাড়াতে বিইউ আইএসএসএফ কতৃক সাইবার টেইলস প্রতিযোগিতার আয়োজন
ববি প্রতিনিধি
অনলাইন জগতে ক্রমবর্ধমান সাইবার বুলিং, অনলাইন প্রতারণা, ফিশিং ও ব্যক্তিগত তথ্যের অপব্যবহার রোধে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে ‘সাইবার টেইলস ২০২৬’ শীর্ষক কনটেন্ট ক্রিয়েশন প্রতিযোগিতার আয়োজন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় ইন্টেলিজেন্ট সিস্টেমস অ্যান্ড সিকিউরিটি ফোরাম (বিইউ আইএসএসএফ)। প্রযুক্তিপণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান মার্ক গ্যাজেটের পৃষ্ঠপোষকতায় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে।
প্রতিযোগিতায় সাইবার বুলিং ও অনলাইন হয়রানি, ডিজিটাল জালিয়াতি ও প্রতারণা, ব্যক্তিগত তথ্যের সুরক্ষা, ফিশিং ও সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিপফেক ও অপতথ্য প্রতিরোধ এবং নিরাপদ ইন্টারনেট ব্যবহারসহ বিভিন্ন বিষয় নির্ধারণ করা হয়েছে। অংশগ্রহণকারীরা এসব বিষয়ের যেকোনো একটি নির্বাচন করে কনটেন্ট তৈরি করতে পারবেন।
প্রতিযোগিতাটি দুটি বিভাগে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম বিভাগে রিল বা স্বল্পদৈর্ঘ্য ভিডিওর মাধ্যমে অভিনয়, গল্প, স্কিট কিংবা সচেতনতামূলক উপস্থাপনা করা যাবে। এ ক্ষেত্রে ভিডিওর কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি। দ্বিতীয় বিভাগে পোস্টার ডিজাইনের মাধ্যমে সাইবার নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক বার্তা তুলে ধরার সুযোগ রয়েছে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিভাগের শিক্ষার্থীরা এককভাবে অথবা সর্বোচ্চ দুই সদস্যের দল গঠন করে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। অংশগ্রহণের জন্য সাইবার নিরাপত্তা বিষয়ে পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। পাশাপাশি নিবন্ধন সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে।
প্রতিযোগিতার নিয়মানুযায়ী,অংশগ্রহণকারীদের নির্ধারিত বিষয়ের ওপর মৌলিক কনটেন্ট তৈরি করে নিজেদের ফেসবুক প্রোফাইল বা পেজ থেকে পাবলিকভাবে প্রকাশ করতে হবে। পোস্টে ‘@BU ISSF’ মেনশন করার পাশাপাশি #cybertales2026, #cybertales ও #buissf হ্যাশট্যাগ যুক্ত করতে হবে। পরবর্তী সময়ে মূল কনটেন্ট গুগল ড্রাইভে আপলোড করে Anyone with the link – Viewer সুবিধা চালু রাখতে হবে। সবশেষে ফেসবুক পোস্ট ও গুগল ড্রাইভের লিংক নির্ধারিত নিবন্ধন ফরমে জমা দিতে হবে।
এ বিষয়ে টাইটেল স্পন্সর মার্ক গ্যাজেটের মালিক অনিক রহমান বলেন, “ডিজিটাল অগ্রগতির পাশাপাশি নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করাও আমাদের দায়িত্ব। শিক্ষার্থীদের মাঝে সাইবার সচেতনতা ছড়িয়ে দেওয়ার এই চমৎকার আয়োজনের পাশে থাকতে পেরে মার্ক গ্যাজেট আনন্দিত। সৃজনশীল কনটেন্টের মাধ্যমে তরুণরাই গড়ে তুলবে আগামীর নিরাপদ সাইবার বিশ্ব।”
বিইউ আইএসএসএফের সাধারণ সম্পাদক কারিনা হাওলাদার (জারা) বলেন, “সাইবার ক্রাইমের ভুক্তভোগী হওয়ার সেই তিক্ত অভিজ্ঞতা থেকেই আমার চাওয়া—আর কেউ যেন এমন পরিস্থিতির শিকার না হয়। সেই তাগিদ থেকেই আমাদের এবারের আয়োজন ‘সাইবার টেইলস ২০২৬’, যেখানে সচেতনতার গল্পগুলো উঠে আসবে আপনাদের হাত ধরেই। নিরাপদ সাইবার স্পেস গড়ার এই লড়াইয়ে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের একান্ত কাম্য।”
ফোরামটির সভাপতি আরাফাত রহমান সিজান বলেন, “সাইবার ওয়ার্ল্ডে কেউ আপনাকে বাঁচাতে আসবে না, দিনশেষে নিজের নিরাপত্তা নিজেকেই নিশ্চিত করতে হয়। আপনারা যেন কোনো ডিজিটাল ট্র্যাপে না পড়েন, সেই গাইডলাইন দেওয়ার জন্যই আমাদের এই আয়োজন। সাইবার টেইলস ২০২৬-কে সফল করতে যারা কাজ করে যাচ্ছেন, তাদের সাধুবাদ জানাই।”
আগ্রহী শিক্ষার্থীরা "নির্ধারিত নিবন্ধন ফরমে" (https://forms.gle/39f1MC2vWvpPsurSA) প্রবেশ করে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করতে পারবেন। প্রতিযোগিতা-সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য ০১৭৭৯-৫৭১০৬৯ নম্বরে যোগাযোগ করা যাবে।
আয়োজক কমিটি আশা করছে, এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়বে এবং দায়িত্বশীল ডিজিটাল নাগরিকত্ব চর্চার পাশাপাশি নিরাপদ সাইবার সংস্কৃতি গড়ে উঠবে।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





