মূল অংশে যান
শনিবার, ২১ নভেম্বর ২০২৬ · ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
জাতীয়

সন্ত্রাসীদের ফেরাতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ণ · আপডেট: ২১ নভেম্বর ২০২৬, ২:২৫ পূর্বাহ্ণ · ২ মিনিটে পড়ুন
সন্ত্রাসীদের ফেরাতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

পলাতক সন্ত্রাসীদের দেশে ফিরিয়ে আনতে পাসপোর্টের আবেদন করার প্রয়োজন হয় না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে হ্যান্ডকাফ পরিয়ে কিংবা কঠোর নজরদারিতে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় সিলেট নগরীর দাড়িয়াপাড়ায় নিজের বাসায় আগুন দেওয়ার ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ টেনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তাঁর বিরুদ্ধে ফাঁসির রায় হয়েছে। আরও অনেক মামলা বিচারাধীন রয়েছে। তাঁর জায়গা কোথায়, তা বাংলাদেশের জনগণ এবং দেশের আইনের শাসনব্যবস্থা দেখিয়ে দিয়েছে।

হুমায়ুন কবির বলেন, এ দেশের যেসব অপরাধী মানুষ হত্যা করে পালিয়ে গেছে, তাদের প্রত্যেককে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। যারা দেশের শাসনব্যবস্থা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার চেষ্টা করেছে, তাদেরও ধরা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ এখন আওয়ামী সন্ত্রাসী লীগ। তাদের নেত্রী দল ও পরিবার ধ্বংস করেছেন। এখানে যারা আছেন, তাদেরও ধ্বংস করা শুরু করেছেন।’

শুক্রবার ভোরে নিজের বাসায় আগুন দেওয়ার ঘটনা প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, ‘আমার বাসার গেটে আগুন দিয়ে দৌড় দিয়েছে। একটা বিড়ালও তো কিছুক্ষণ দাঁড়ায়, পরে দৌড় দেয়। এদের অবস্থা এমন হয়েছে—জয় বাংলা বলেই দৌড়, খোঁজ মেলে না। জয় বাংলা জাতীয়ভাবে পালিয়ে যাওয়ার স্লোগান হিসেবে পরিচিত হয়েছে। সন্ত্রাসীদের কীভাবে ডিল করতে হয়, এ দেশের মানুষ জানে, সরকারও জানে।’

তিনি আরও বলেন, সরকার সহনশীলতা চর্চা করে, তবে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। বাংলাদেশে কোনো সন্ত্রাসীর স্থান নেই, আওয়ামী সন্ত্রাসীদেরও জায়গা হবে না বলে জানান তিনি।

সন্ত্রাসীদের বিরুদ্ধে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে হুমায়ুন কবির বলেন, পালিয়ে যাওয়া কোনো সন্ত্রাসী সন্ত্রাসের মাধ্যমে দেশে ফিরতে পারবে না।

এসব কর্মকাণ্ডের কারণে সরকার কোনো চাপে পড়ছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, কোনো চাপে পড়েনি। সরকার কেন চাপে পড়বে?’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘জয় বাংলা স্লোগান পালিয়ে যাওয়ার স্লোগান, তারা নিজেরাই আতঙ্কিত, কয় সেকেন্ডের মধ্যে পালিয়ে যায়। তারা হয় দেশ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে, না হয় ধরা খাবে।’

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz