মূল অংশে যান
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ · ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
বিনোদন

পঞ্চম বিয়ে নিয়ে অনিশ্চয়তায় জেনিফার লোপেজ

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১:১১ অপরাহ্ণ · আপডেট: ১৭ নভেম্বর ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
পঞ্চম বিয়ে নিয়ে অনিশ্চয়তায় জেনিফার লোপেজ
ছবি: সংগৃহীত

চারবার বিবাহবিচ্ছেদ হলেও নিজের অতীত নিয়ে বেশ হাসিখুশি মার্কিন পপ তারকা জেনিফার লোপেজ। তবে পঞ্চমবার বিয়ের প্রসঙ্গ উঠতেই কিছুটা ভিন্ন সুর শোনা গেল তার কণ্ঠে। পঞ্চমবার বিয়ের পিঁড়িতে বসা নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছেন এই তারকা।

সম্প্রতি নিউইয়র্কে নিজের কনসার্ট ফিল্ম ‘দ্য জেএলও শো: লাইভ ইন লাস ভেগাস’-এর বিশেষ প্রদর্শনী ও আড্ডায় ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন ৫৭ বছর বয়সি এই গায়িকা।

আড্ডার একপর্যায়ে তার চারবার বিবাহবিচ্ছেদের প্রসঙ্গ ওঠে। এ সময় এক দর্শক মজা করে বলেন, ‘আপনার তো এখনো (বিয়ে করার জন্য) আরও ছয়টি আঙুল বাকি আছে!’ দর্শকের এমন মন্তব্যে হেসে জেনিফার বলেন, ‘হ্যাঁ, তা ঠিক! একদম ঠিক!’ এমনকি কথাটি টি-শার্টে ছাপানো উচিত বলেও মজা করেন তিনি।

তবে পঞ্চম বিয়ের বিষয়ে কোনো নিশ্চয়তা দেননি এই তারকা। হাসিমুখে তিনি বলেন, ‘আর মনে হয় না যে এটা আমার দ্বারা সম্ভব হবে, ঈশ্বর জানেন!’

বেন অ্যাফ্লেকের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই জেনিফারের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের মধ্যে নানা জল্পনা চলছে। সম্প্রতি ‘অফিস রোমান্স’ সিনেমার সহশিল্পী ব্রেট গোল্ডস্টিনের সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়ালেও তা উড়িয়ে দিয়েছেন তিনি।

গত জুনে ‘টুডে’ শোতে জেনিফার জানান, কোনো সহশিল্পীর সঙ্গে কাজ করলেই বা একসঙ্গে দেখা গেলেই মানুষ সহজে প্রেমের সম্পর্ক ধরে নেয়। তবে বাস্তবে বিষয়টি সব সময় সত্য নয়।

জেনিফারের আগের চার স্বামী

জেনিফার লোপেজের প্রথম বিয়ে হয় ওজানি নোয়ার সঙ্গে ১৯৯৭ সালে। ১৯৯৮ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর ২০০১ সালে নৃত্যশিল্পী ক্রিস জুডকে বিয়ে করেন তিনি। ২০০৩ সালে তাদের বিচ্ছেদ ঘটে।

২০০২ সালে ‘জিগলি’ সিনেমার শুটিংয়ে বেন অ্যাফ্লেকের সঙ্গে পরিচয় হয় জেনিফারের। ২০০৩ সালে তাদের বিয়ের কথা থাকলেও অতিরিক্ত গণমাধ্যমের নজরদারির কারণে তা স্থগিত হয়। ২০০৪ সালের জানুয়ারিতে তাদের সম্পর্কের ইতি ঘটে।

এরপর ২০০৪ সালে সংগীতশিল্পী মার্ক অ্যান্থনিকে বিয়ে করেন জেনিফার। ২০০৮ সালে তাদের যমজ সন্তান ম্যাক্স ও এমের জন্ম হয়। ২০১৪ সালে তাদের বিচ্ছেদ হয়।

পরবর্তী সময়ে সাবেক বেসবল তারকা অ্যালেক্স রদ্রিগেজের সঙ্গে সম্পর্কে জড়ান জেনিফার। ২০১৯ সালে তাদের বাগদান হলেও ২০২১ সালে সেই সম্পর্ক ভেঙে যায়।

এরপর প্রায় দুই দশক পর ২০২১ সালে আবারও বেন অ্যাফ্লেকের সঙ্গে সম্পর্কে জড়ান জেনিফার। ২০২২ সালে লাস ভেগাস ও জর্জিয়ায় বিয়ে করেন তারা। তবে বিয়ের দুই বছর পূর্তির দিন ২০২৪ সালের ২০ আগস্ট বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। ২০২৫ সালে আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ চূড়ান্ত হয়।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz