পাঁচ বছরের বিরতি শেষে আন্তর্জাতিক অর্জন নিয়ে ফিরলেন এহসানুল হক বাবু
দীর্ঘ পাঁচ বছরের বিরতি ভেঙে নতুন কাজ নিয়ে ফিরেছেন চলচ্চিত্র প্রযোজক এহসানুল হক বাবু। নির্মাতা আব্দুল্লাহ মোহাম্মদ সাদের আলোচিত ওয়েব সিরিজ ‘অ্যানি’র মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন তিনি। ইতোমধ্যে সিরিজটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য তৈরি করেছে নতুন মাইলফলক।
পাঁচ বছরের নীরবতা ভেঙে নতুন অর্জন নিয়ে ফিরেছেন এহসানুল হক বাবু। ‘অ্যানি’র মাধ্যমে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি সিরিজ সিরিজকেন্দ্রিক আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়েছে।
গত ৯ জুন জার্মানির কোলনে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম প্রভাবশালী সিরিজ উৎসব ‘সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যাল’-এ প্রদর্শিত হয় নাজিফা তুষী অভিনীত মিনি সিরিজটি। সেখানে আন্তর্জাতিক দর্শক ও সংশ্লিষ্ট মহলে প্রশংসা অর্জন করে এটি। এর ধারাবাহিকতায় সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ৩২তম জেনেভা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ফিউচার ইজ সেন্সিবল অ্যাওয়ার্ড ফর বেস্ট সিরিজ’ অর্জন করে সিরিজটি। এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য যুক্ত হয় আরও একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।
সংখ্যায় কম হলেও প্রতিটি কাজের মধ্য দিয়ে বাংলাদেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরেছেন এহসানুল হক বাবু। পাঁচ বছর আগেও তিনি যুক্ত ছিলেন বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনায়। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছিল আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’।
সেই ঐতিহাসিক অর্জনের পর এবার বাংলাদেশের ওয়েব কনটেন্টের আন্তর্জাতিক যাত্রায় নতুন অধ্যায়ের অংশ হয়েছেন তিনি। সেই অধ্যায়ের নাম ‘অ্যানি’।
প্রতিবারই দেশের জন্য নতুন অর্জন নিয়ে ফেরা প্রসঙ্গে নিজের অনুভূতি জানিয়ে এহসানুল হক বাবু বলেন, ‘আমরা কখনোই কোনো পুরস্কার অর্জনকে লক্ষ্য করে কাজ করিনি। আমাদের চেষ্টা থাকে এমন গল্পের পাশে দাঁড়ানোর, যেগুলোর বলার মতো শক্তি আছে এবং বিশ্বদর্শকের সঙ্গেও সংযোগ তৈরি করতে পারে। যদি সেই কাজের মাধ্যমে বাংলাদেশের জন্য নতুন কোনো দরজা খুলে যায় বা নতুন কোনো অর্জন আসে, সেটা অবশ্যই অনেক বড় আনন্দের।’
তিনি মনে করেন, এসব অর্জন শুধু একজন প্রযোজকের নয়, বরং পুরো বাংলাদেশের চলচ্চিত্র ও কনটেন্ট ইন্ডাস্ট্রির।
দেশের পরিচালকদের সামনে নতুন পথ উন্মুক্ত হওয়ার সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, ‘একটি সিরিজকে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছানোর জন্য চলচ্চিত্র উৎসবের পাশাপাশি সিরিজ উৎসবেও তুলে ধরা সম্ভব। আমরা “অ্যানি”র মাধ্যমে সেই উদাহরণ তৈরি করতে চেয়েছি।’
প্রতিটি কাজের মধ্যে চার থেকে পাঁচ বছরের ব্যবধান থাকার কারণ জানতে চাইলে এহসানুল হক বাবু বলেন, ‘আমাদের মধ্যে কখনো পরের কাজটা কবে—এই তাড়াহুড়া ছিল না। বরং প্রশ্ন ছিল, পরের গল্পটা বলার মতো সময় কি এসেছে? আমি মনে করি, এই ধৈর্যের কারণেই প্রতিটি কাজে আমরা নিজেদের নতুনভাবে আবিষ্কার করার সুযোগ পাই।’
সময় বদলেছে, বদলেছে প্রযোজনার ভাষা। তবে চলচ্চিত্রের প্রতি এহসানুল হক বাবুর দায়বদ্ধতা আগের মতোই অটুট। সংখ্যার চেয়ে কাজের মানকে গুরুত্ব দেওয়া এই প্রযোজকের সময় কাটছে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশের আন্তর্জাতিক প্রযোজক ও উৎসব পরামর্শকদের সঙ্গে ধারাবাহিক বৈঠকে। লক্ষ্য, পরবর্তী চলচ্চিত্র প্রকল্পকে শুরু থেকেই আন্তর্জাতিক পরিসরে উপযোগী করে গড়ে তোলা।
‘লাইভ ফ্রম ঢাকা’ থেকে ‘রেহানা মরিয়ম নূর’, এরপর ‘অ্যানি’। পরবর্তী চমক কবে আসছে—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, নতুন প্রকল্পের চিত্রনাট্য উন্নয়নে দীর্ঘ সময় দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক চলচ্চিত্র পরামর্শকদের সঙ্গে চলছে পাঠচক্র, চরিত্র বিশ্লেষণ এবং চলচ্চিত্রের দৃশ্যগত আবহ নিয়ে বিস্তারিত আলোচনা।
তিনি বলেন, এবারের প্রকল্পে শুরু থেকেই আন্তর্জাতিক যৌথ প্রযোজনার বিষয়টি বিবেচনায় রেখে কাজ এগোচ্ছে। গল্প নির্বাচন, বাজেট কাঠামো, শুটিংয়ের স্থান ও পোস্ট-প্রোডাকশনসহ প্রতিটি ধাপে বৈশ্বিক মানদণ্ড অনুসরণের পরিকল্পনা রয়েছে। যুক্তরাষ্ট্রের স্বাধীন চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান থেকে শুরু করে ইউরোপের কয়েকটি প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে ইতোমধ্যে প্রাথমিক আলোচনা হয়েছে। তবে এখনো কিছু পথ বাকি।
নতুন প্রকল্পের নাম, ঘোষণা ও বিস্তারিত জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। নতুন গল্প ও উদ্দেশ্য হলেও লক্ষ্য একই। এহসানুল হক বাবু বলেন, ‘আমি চাই, বিশ্বের যেকোনো প্রান্তে বসে কেউ যখন ছবিটি দেখবে, সে বুঝবে এটি বাংলাদেশের গল্প, কিন্তু অনুভূতিটা তার নিজের। এই লক্ষ্যেই আমরা শুরু থেকে সব কাজ করে এসেছি।’
এহসানুল হক বাবুর প্রযোজনার যাত্রা শুরু বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে। গত এক দশকেরও বেশি সময়ে তিনি যুক্ত ছিলেন অর্ধহাজারের বেশি বিজ্ঞাপন, প্রামাণ্যচিত্র ও করপোরেট চলচ্চিত্র নির্মাণের সঙ্গে। এ সময়ে কাজ করেছেন দেশের শীর্ষস্থানীয় নির্মাতাদের সঙ্গে।
তাঁর প্রযোজিত জীবনীভিত্তিক বিজ্ঞাপন, ঐতিহাসিক নির্মাণ এবং সরকারি বিভিন্ন প্রামাণ্যচিত্রে বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও দেশপ্রেম আধুনিক দৃশ্যভাষায় তুলে ধরা হয়েছে।
শুধু প্রযোজক হিসেবেই নয়, দেশের চলচ্চিত্র অবকাঠামো উন্নয়নেও সক্রিয় এহসানুল হক বাবু। স্টুডিও, ক্যামেরা, চলচ্চিত্র নির্মাণের প্রযুক্তিগত সহায়তা এবং শিল্পসংশ্লিষ্ট বিভিন্ন সেবার সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন তিনি। তাঁর বিশ্বাস, ভালো চলচ্চিত্র নির্মাণের জন্য শুধু নির্মাতা নয়, শক্তিশালী প্রযোজনা ও প্রযুক্তিগত পরিবেশও সমানভাবে জরুরি।
ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে এহসানুল হক বাবু বলেন, ‘আমি সবসময় বিশ্বাস করি, বাংলাদেশের গল্পের শক্তি অনেক বড়। সেই গল্পগুলো বিশ্বের দর্শকদের কাছে পৌঁছে দেওয়াই আমার সবচেয়ে বড় লক্ষ্য।’
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
বাঁশির সুরে আজও অমর বারী সিদ্দিকী
১৮ ঘণ্টা আগে💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





