মূল অংশে যান
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ · ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
বিনোদন

বাঁশির সুরে আজও অমর বারী সিদ্দিকী

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ণ · আপডেট: ১৬ নভেম্বর ২০২৬, ৪:০৭ পূর্বাহ্ণ · ২ মিনিটে পড়ুন
বাঁশির সুরে আজও অমর বারী সিদ্দিকী
বাংলা লোকসংগীত ও আধ্যাত্মিক ধারার বরেণ্য শিল্পী বারী সিদ্দিকী। ছবি: সংগৃহীত

আজ ১৫ নভেম্বর বাংলা লোকসংগীত ও আধ্যাত্মিক ধারার বরেণ্য শিল্পী বারী সিদ্দিকীর ৭২তম জন্মবার্ষিকী। ১৯৫৪ সালের এই দিনে নেত্রকোনার এক সংগীতজ্ঞ পরিবারে জন্মগ্রহণ করেন আবদুল বারী সিদ্দিকী। বাঁশির সুর ও দরদভরা কণ্ঠে তিনি জায়গা করে নিয়েছিলেন কোটি শ্রোতার হৃদয়ে। জন্মদিনে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছেন সংগীতপ্রেমীরা।

শৈশব থেকেই সংগীতের পরিবেশে বেড়ে ওঠেন বারী সিদ্দিকী। মাত্র ১২ বছর বয়সে নেত্রকোনার সংগীতশিল্পী ওস্তাদ গোপাল দত্তের কাছে তার আনুষ্ঠানিক সংগীতশিক্ষা শুরু হয়। পরে ওস্তাদ আমিনুর রহমান, দবির খান ও পান্নালাল ঘোষসহ একাধিক গুণী শিল্পীর কাছে উচ্চাঙ্গসংগীতে তালিম নেন তিনি।

আশির দশকে বাঁশির প্রতি বিশেষভাবে আকৃষ্ট হন বারী সিদ্দিকী। এ সময় ভারতের পুনেতে পণ্ডিত ভিজি কার্নাডের কাছে বাঁশির ওপর উচ্চতর প্রশিক্ষণ নেন। দেশ-বিদেশের বিভিন্ন মঞ্চে বংশীবাদক হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি। ১৯৯৯ সালে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত বিশ্ব বাঁশি সম্মেলনে ভারতীয় উপমহাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নিয়ে বিশেষ সম্মান অর্জন করেন।

বংশীবাদক হিসেবে পরিচিতি পেলেও পরে কণ্ঠশিল্পী হিসেবেও জনপ্রিয়তা পান বারী সিদ্দিকী। কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের অনুপ্রেরণায় নব্বইয়ের দশকের মাঝামাঝি গানে কণ্ঠ দেন তিনি। ১৯৯৫ সালে হুমায়ূন আহমেদের ‘রঙের বাড়ই’ ম্যাগাজিন অনুষ্ঠানে প্রথম জনসমক্ষে গান পরিবেশন করেন। এরপর ১৯৯৯ সালে মুক্তি পাওয়া হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ চলচ্চিত্রে তার গাওয়া গানগুলো ব্যাপক জনপ্রিয়তা পায়।

বারী সিদ্দিকীর কণ্ঠে উকিল মুন্সি ও নিজের লেখা অসংখ্য গান শ্রোতাদের কাছে আজও সমান জনপ্রিয়। তার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘শুয়া চান পাখি’, ‘আমার গায়ে যত দুঃখ সয়’, ‘সাড়ে তিন হাত কবর’, ‘পুবালি বাতাসে’, ‘রজনী হইস না অবসান’ ও ‘মানুষ ধরো মানুষ ভজো’।

লোকসংগীতের চর্চা ও প্রসারে নেত্রকোনা শহর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে কারলি গ্রামে ‘বাউল বাড়ি’ নামে একটি আশ্রম গড়ে তোলেন তিনি।

২০১৭ সালের ১৭ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন বারী সিদ্দিকী। সাত দিন চিকিৎসাধীন থাকার পর ২৪ নভেম্বর ৬৩ বছর বয়সে মারা যান এই গুণী শিল্পী। তবে তার বাঁশির সুর ও গান আজও বেঁচে আছে শ্রোতাদের হৃদয়ে।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz