বড়লেখা সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ ২০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির সতর্ক অবস্থান ও তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। ফলে ওই ব্যক্তিরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেননি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে বড়লেখা উপজেলার দুর্গম লাতু ও পাল্লাথল সীমান্তে এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা গেছে, বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে বৃহস্পতিবার রাতে সীমান্তের পাহাড়ি এলাকা দিয়ে নারী-পুরুষসহ ২০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। বিষয়টি বুঝতে পেরে সীমান্তে সতর্ক অবস্থান নেন বিজিবি সদস্যরা। তাঁদের তৎপরতায় পুশইনের চেষ্টা প্রতিহত করা হয়।
শুক্রবার সকাল পর্যন্ত ওই ২০ জন সীমান্তের নোম্যানস ল্যান্ডের ভারতীয় অংশে অবস্থান করছিলেন।
বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন বলেন, বৈরী আবহাওয়ার সুযোগে লাতু ও পাল্লাথল সীমান্তের পাহাড়ি এলাকা দিয়ে ২০ জন নারী-পুরুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছিল বিএসএফ। তবে বিজিবির নিয়মিত টহল দলের তৎপরতায় সেই চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনার পর বড়লেখার সীমান্তবর্তী এলাকাগুলোতে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে, যাতে কোনোভাবেই অনুপ্রবেশের ঘটনা না ঘটে। বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এবং তা বিজিবির নিয়ন্ত্রণে আছে।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





