মূল অংশে যান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ · ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
জাতীয়

বিদেশে বসে নির্দেশনা নয়, দেশে ফিরে নেতৃত্ব দিন: শাহে আলম

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ৫:২০ অপরাহ্ণ · আপডেট: ২০ নভেম্বর ২০২৬, ৯:৫১ অপরাহ্ণ · ৩ মিনিটে পড়ুন
বিদেশে বসে নির্দেশনা নয়, দেশে ফিরে নেতৃত্ব দিন: শাহে আলম
ছবি: সংগৃহীত

পলাতক ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে পুনরুত্থানের কোনো সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, এ দেশে যারা তাবেদার রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করবে কিংবা কোনো ষড়যন্ত্রে লিপ্ত হবে, তাদের বিরুদ্ধে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে।

শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১১টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা হাইস্কুল মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে নিমগাছের চারা ও মগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, সরকার ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। মানবাধিকার লঙ্ঘন না করে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে সরকারের ধৈর্যকে দুর্বলতা মনে করার সুযোগ নেই। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

বিদেশ থেকে টেলিফোনের মাধ্যমে দেওয়া নির্দেশনা বা উসকানিতে সাড়া না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা বিদেশে বসে দূর থেকে নির্দেশনা দিচ্ছেন, তাদের দেশে ফিরে এসে নেতৃত্ব দেওয়া উচিত।

অনুষ্ঠানে মোকামতলা এলাকার ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের মোকামতলা হাইস্কুল মাঠে আসার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে ওই দিন তিনি ফলক উন্মোচনের মাধ্যমে নবসৃষ্ট মোকামতলা উপজেলা, মোকামতলা মডেল পৌরসভা ও মোকামতলা থানার কার্যক্রম উদ্বোধন করবেন।

এ ছাড়া মোকামতলা থেকে হিলি পর্যন্ত ৩৯ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীত করার পরিকল্পনার কথাও জানান তিনি। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯০০ কোটি টাকা। আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী এ সড়ক প্রকল্পেরও ফলক উন্মোচন করবেন বলে জানান প্রতিমন্ত্রী।

শিক্ষার্থীদের মধ্যে নিমগাছের চারা ও মগ বিতরণ কার্যক্রমের বিস্তারিত তুলে ধরে তিনি বলেন, শিবগঞ্জ ও মোকামতলা এলাকায় মোট বাড়ির সংখ্যা ১ লাখ ২২ হাজার। প্রথম পর্যায়ে ৬২ হাজার বাড়িতে মগ পৌঁছে দেওয়া হবে। আগামী বছর প্রধানমন্ত্রীর ৬৩তম জন্মদিন উপলক্ষে বাকি ৬০ হাজার বাড়িতে মগ বিতরণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি এলাকার প্রতিটি বাড়িতে একটি করে নিমগাছের চারা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, লেখাপড়ার পাশাপাশি প্রত্যেককে গাছের চারা রোপণ ও নিয়মিত পরিচর্যা করতে হবে। একই সঙ্গে নিজেদের বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার প্রতিও গুরুত্ব দিতে হবে।

মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হোসেন তৌফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, মোকামতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি তাজুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মোকামতলা এলাকার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬ হাজারের বেশি শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীর মধ্যে নিমগাছের চারা ও মগ বিতরণ করা হয়। আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, পর্যায়ক্রমে শিবগঞ্জ ও মোকামতলা এলাকার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের আরও ৬৪ হাজার শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীর মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হবে।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz