আ.লীগের হাতে রাষ্ট্রের গোপন তথ্য তুলে দিতেন সেই এসপি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে রাষ্ট্রের বিভিন্ন পদক্ষেপের গোপন তথ্য দলটির নেতাকর্মীদের কাছে তুলে দিতেন বলে অভিযোগ উঠেছে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। এ অভিযোগে তাকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার করা হয়েছে।
অভিযোগ রয়েছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসাকে কেন্দ্র করে আওয়ামী লীগের কর্মসূচির বিরুদ্ধে পুলিশ কী ধরনের পদক্ষেপ নিচ্ছে, কোথায় কোথায় পুলিশ মোতায়েন করা হচ্ছে—এসব তথ্য দলটির নেতাকর্মীদের জানিয়ে দিতেন জাহাঙ্গীর আলম।
শনিবার (১৪ নভেম্বর) রাতে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট ও পাঁচলাইশ থানা পুলিশের সদস্যরা তাকে গ্রেফতার করেন। একই দিন রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী পাঁচলাইশ থানায় মামলাটি করেন।
রোববার (১৫ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার আমিনুর রশিদ বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন।
এসব অভিযোগ তদন্তে অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সাফিজুল ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ১০ নভেম্বর জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত ও সরকারি দুটি মোবাইল ফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তদন্ত কমিটি সূত্র জানায়, মঙ্গলবার চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী জাহাঙ্গীর আলমকে তার দপ্তরে ডেকে পাঠান। সেখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং তথ্য ফাঁসের অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিকভাবে তথ্য ফাঁসের আলামত পাওয়ার পর তার দুটি ফোন জব্দ করা হয়।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী গণমাধ্যমকে বলেন, প্রশাসনিক কিছু বিষয়ে এসপি জাহাঙ্গীর আলমকে ডাকা হয়েছিল। এ ঘটনায় অতিরিক্ত ডিআইজি সাফিজুল ইসলামকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জাহাঙ্গীর আলম ২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশ বাহিনীতে যোগ দেন। ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি চট্টগ্রাম রেঞ্জের আরআরএফের ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
গোপালগঞ্জের ডিসি-এসপিকে বদলি
৪ ঘণ্টা আগে💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





