সাংবাদিকদের ‘জেলে ঢুকিয়ে দেওয়ার’ হুমকি, ভূমি কর্মকর্তাকে শোকজ
জমির নামজারি-সংক্রান্ত তথ্য জানতে গিয়ে সাংবাদিকদের গালিগালাজ, হেনস্তা ও ‘এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব’ বলে হুমকি দেওয়ার অভিযোগে ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসের নায়েব আবুল কালামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।
রোববার (১৫ নভেম্বর) সকালে তাকে শোকজ করা হয়। জেলা প্রশাসক জানান, সাংবাদিকদের সঙ্গে ওই ভূমি কর্মকর্তার অসদাচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখার পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তার জবাব পাওয়ার পর পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।
এর আগে গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে এক সাংবাদিক নিজের বাবার জমির নামজারি-সংক্রান্ত তথ্য জানতে ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসে যান। এ সময় নায়েব আবুল কালাম দাপ্তরিক কাজের পরিবর্তে সহকর্মীদের সঙ্গে চায়ের আড্ডায় ব্যস্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। দীর্ঘক্ষণ অপেক্ষার পর তথ্য জানতে চাইলে তিনি সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।
একপর্যায়ে সাংবাদিকদের উদ্দেশে গালিগালাজ করে তিনি বলেন, ‘এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব।’ পাশাপাশি তথ্য জানতে যাওয়া সাংবাদিকদের আটকে রাখার হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে।
ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন নাগরিক টিভির সাংবাদিক ফারহাদ, কালের কণ্ঠের সাংবাদিক আলাদিন সানি এবং ডিবিসির সাংবাদিক ফরিদুজ্জামান শান্ত। পুরো ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
সাংবাদিকদের অভিযোগ, সরকারি দপ্তরে নাগরিকের তথ্য জানার অধিকার নিশ্চিত করার পরিবর্তে একজন দায়িত্বশীল কর্মকর্তা তাদের জেলে পাঠানোর হুমকি দিয়েছেন। এ ধরনের আচরণ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করার পাশাপাশি সরকারি সেবাপ্রতিষ্ঠানে সাধারণ মানুষের সঙ্গে কর্মকর্তাদের আচরণ নিয়েও প্রশ্ন তুলেছে।
সাংবাদিকদের দাবি, শুধু শোকজের মধ্যেই যেন বিষয়টি সীমাবদ্ধ না থাকে। অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নায়েব আবুল কালামের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





