সাভার-আশুলিয়ায় ২৫ কারখানায় উৎপাদন বন্ধ
শ্রমিক অসন্তোষের জেরে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের ২৫টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এর মধ্যে বুধবার (১৮ নভেম্বর) ১২টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আগের দিন থেকে বন্ধ রয়েছে আরও ১৩টি কারখানা।
বুধবার দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানান শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া।
তিনি বলেন, সকালে শ্রমিকরা বিভিন্ন পোশাক কারখানায় প্রবেশ করে কাজে যোগ দেন। তবে কয়েকটি কারখানার শ্রমিকরা কাজ শুরু না করেই হাজিরা কার্ড পাঞ্চ করে বেরিয়ে যান। এ ছাড়া আশুলিয়ার ১২টি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে ভেতরে অবস্থান করছেন।
শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বেরিয়ে আসায় ১২টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। গতকাল থেকে বন্ধ রয়েছে ১৩টি কারখানা। সব মিলিয়ে বর্তমানে ২৫টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে।
পুলিশ সুপার আরও বলেন, যেসব কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন, সেগুলোতে উৎপাদন চলছে। বর্তমানে সাভার ও আশুলিয়ার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও বিশৃঙ্খলা নেই এবং সড়কে যান চলাচলেও কোনো প্রতিবন্ধকতা নেই।
এদিকে, সকালে আশুলিয়ার নরসিংহপুরে শ্রমিকরা কাজ বন্ধ করে বেরিয়ে এসে সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। তবে অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হলে সড়কে যান চলাচল শুরু হয়।
শ্রমিকদের কারখানা থেকে বেরিয়ে আসার বিষয়ে পুলিশ সুপার বলেন, কয়েকটি কারখানার শ্রমিকরা বেরিয়ে এসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় জানমালের নিরাপত্তায় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





