গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয়
গোপালগঞ্জের পরিস্থিতি সতর্কভাবে পর্যবেক্ষণ করছে সরকার। তবে আপাতত অতিরিক্ত বল প্রয়োগের পথে হাঁটতে চায় না সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে প্রয়োজন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের পাশাপাশি অতিরিক্ত বিজিবি ও এসআরবি সদস্য মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। একই সঙ্গে প্রশাসন পুনর্গঠনের অংশ হিসেবে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের পর গতকাল তিনটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) বদলি করা হয়েছে। প্রশাসনের অন্যান্য পর্যায়ের কর্মকর্তাদের বদলির বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দুই বছর পর খুলেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ ও কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়। গতকাল জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও আওয়ামী লীগের দলীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় সমাধিসৌধে শপথ নেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।
এদিকে, গোপালগঞ্জ সফরে গিয়ে ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, রবিবারের ঘটনায় এখনো মামলা হয়নি। তবে রাতে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় প্রায় ২ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। এর মধ্যে ১০ প্লাটুন বিজিবি, এসআরবি, এপিবিএন ও আনসার সদস্যরাও দায়িত্ব পালন করছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপালগঞ্জে পুলিশ ও বিজিবির সদস্যসংখ্যা বাড়ানো হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সরকার আপাতত বল প্রয়োগ করে জানমালের ক্ষতি এড়াতে চায়। তবে সহিংসতা ও হামলার ঘটনা বাড়ানোর চেষ্টা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
রবিবারের সহিংসতার পর গতকাল গোপালগঞ্জের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। সকাল থেকে সাঁজোয়া যান নিয়ে জেলার বিভিন্ন এলাকায় টহল দিয়েছে বিজিবি। গুরুত্বপূর্ণ সড়ক ও সরকারি স্থাপনার সামনে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।
গতকাল সকাল থেকে সাধারণ মানুষ স্বাভাবিক কাজে ফিরতে শুরু করেন। শহরের সড়কে রিকশা, ভ্যান ও অন্যান্য যানবাহন চলাচল করেছে। স্কুল-কলেজ, দোকানপাটও খুলেছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও সাধারণ মানুষের মধ্যে এখনো আতঙ্ক রয়েছে।
টুঙ্গিপাড়ায় গতকাল বেলা ১১টার দিকে নিষিদ্ধ পৌর ছাত্রলীগের সভাপতি শেখ ইফতি জামান পল্লবের নেতৃত্বে একটি মিছিল বের হয়। পরে নেতাকর্মীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা কার্যালয় খুলে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। এরপর মিছিল নিয়ে বঙ্গবন্ধুর সমাধিসৌধে প্রবেশ করেন তারা। সেখানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানের সঙ্গে দেশে ফিরিয়ে আনার শপথ নেওয়া হয়।
এর আগে সর্বশেষ ২০২৪ সালের ৭ আগস্ট বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছিলেন গোপালগঞ্জ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেদিনও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নিয়েছিলেন তারা।
অন্যদিকে, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বদলির পর গতকাল টুঙ্গিপাড়া, কোটালীপাড়া ও কাশিয়ানী থানার তিন ওসিকে বদলি করা হয়েছে। বদলিকৃত কর্মকর্তারা হলেন মো. আইয়ুব আলী, রিয়াদ মাহমুদ ও মাহফুজুর রহমান। তাঁদের তিনজনকেই কিশোরগঞ্জ জেলায় বদলি করা হয়েছে।
ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী জেলাগুলোর প্রবেশপথে চেকপোস্ট কার্যক্রম চালু রাখা হয়েছে, যাতে অন্য জেলা থেকে কেউ এসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।
তিনি আরও জানান, আইনবহির্ভূত যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে এবং পরিস্থিতি মোকাবিলায় পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





