গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের ৭ স্থানে অবরোধ, বাজছে ৭ মার্চের ভাষণ
গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়া যাওয়ার সড়কের অন্তত সাতটি স্থানে অবরোধ কর্মসূচি পালন করছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা থেকে শুরু হওয়া এ কর্মসূচি বুধবার (১৮ নভেম্বর) সকালেও চলছিল। এতে সড়কটিতে যান চলাচল ব্যাহত হচ্ছে। অবরোধের বিভিন্ন স্থানে মাইকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাজানো হচ্ছে।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে নীলফাবাজার মোড়ে গিয়ে দেখা যায়, গাছের গুঁড়ি ও পুড়িয়ে দেওয়া গাড়ির ধ্বংসাবশেষ ফেলে সড়ক অবরোধ করে রাখা হয়েছে। এ ছাড়া রামচন্দ্রপুর (রওশনপুর), সিঙ্গিপাড়া, মল্লিকের মাঠ, নতুন বাজার, পাটগাতী বাসস্ট্যান্ড ও চৌরঙ্গী মোড়েও অবরোধ চলছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অবরোধ শুরু হয়। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা অংশ নিয়েছেন।
নীলফাবাজার মোড়ে অবস্থান নেওয়া এক অবরোধকারী জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ও বাস চলাচলে বাধা দেওয়া হচ্ছে। তবে স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের সুবিধার্থে রিকশা ও ইজিবাইক এক পাশ দিয়ে চলাচল করতে দেওয়া হচ্ছে।
এদিকে, গোপালগঞ্জ শহরের চৌরঙ্গী এলাকা ও নীলফাবাজার মোড়ে অবরোধের স্থানে মাইকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাজাতে দেখা গেছে।
অন্যদিকে, অবরোধ ঘিরে গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান তৎপরতা দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





