আগুনে পুড়ে ছাই ঘর, পরীক্ষার মুখে দিশেহারা মরিয়মের চিকিৎসক হওয়ার স্বপ্ন
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুনে ঘরবাড়ির সঙ্গে পুড়ে গেছে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মরিয়মের বই-খাতা, আসবাবপত্রসহ পরিবারের জমানো সব সম্পদ। আগুনে কয়েক দিন আগে তার ভাইয়ের জন্য কেনা ৫০ হাজার টাকার কম্পিউটারটিও পুড়ে গেছে। এর মধ্যেই বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে শুরু হচ্ছে মরিয়মের বার্ষিক পরীক্ষা। এমন পরিস্থিতিতে পড়াশোনা চালিয়ে যাওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছে সে।
মরিয়ম মহাখালী মডেল হাই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। বুধবার সকালে সে যখন স্কুলে ছিল, তখন এক বান্ধবীর মা ফোন করে তাদের ঘরে আগুন লাগার খবর জানান। খবর পেয়েই বাড়ির দিকে ছুটে যায় মরিয়ম। তবে আগুনের কারণে ঘরে ঢুকতে পারেনি। পরে নিজের চোখে দেখে, পুড়ে ছাই হয়ে গেছে তাদের সবকিছু।
মরিয়ম বলে, ‘আমি স্কুলে ছিলাম। আমার এক বান্ধবীর মা ফোন দিয়ে বলল, আমাদের বাসায় আগুন লেগেছে। আমি দৌড়ে বাসায় আসি। কিন্তু ভেতরে ঢুকতে পারিনি। এসে দেখি, সব পুড়ে গেছে।’
ঘরের শোকেস, টেলিভিশন, র্যাক, ড্রাম, বই-খাতাসহ কোনো কিছুই রক্ষা পায়নি। কয়েক দিন আগে তার ভাইয়ের জন্য ৫০ হাজার টাকা দিয়ে কেনা কম্পিউটারটিও আগুনে পুড়ে গেছে। এখন মরিয়মের কাছে সম্বল বলতে গায়ের স্কুলের পোশাক ও কাঁধের ব্যাগ।
আগুনে ঘরের অধিকাংশ জিনিসপত্র পুড়ে গেলেও স্কুলব্যাগে থাকায় প্রবেশপত্রসহ কিছু প্রয়োজনীয় কাগজপত্র রক্ষা পেয়েছে। তবে পরীক্ষা সামনে থাকায় কীভাবে পড়াশোনা চালিয়ে যাবে, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে মরিয়ম।
তার মা ফেরদৌসী বেগম জানান, প্রায় ১০ বছর ধরে তারা মহাখালীর সাততলা বস্তির একটি ঘরে বসবাস করছেন। তার স্বামী ব্যবসা করেন এবং তিনি একটি পোশাক কারখানায় কাজ করেন। সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র অনেক কষ্টে ধীরে ধীরে সংগ্রহ করেছিলেন। কিন্তু আগুনে সব হারিয়ে এখন কোথায় থাকবেন, তা নিয়েই অনিশ্চয়তায় পড়েছেন তারা।
ফেরদৌসী বেগম বলেন, ‘আমরা ১০ বছর ধরে এই জায়গায় থাকি, এক বাসায়ই ১০ বছর ধরে। এখন কোথাও তো কিছু করতে পারছি না। এখন আল্লাহ যেখানে রাখে, সেখানেই থাকতে হবে। থাকার কোনো ব্যবস্থা আছে কি না, তাও জানি না। সবকিছু পুড়ে গেছে, কিছুই বের করতে পারিনি।’
তিনি জানান, ঘরের আসবাবপত্র ও অন্যান্য মালামাল মিলিয়ে প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার সম্পদ ছিল। আগুনে সব পুড়ে যাওয়ায় নতুন করে সংসার গোছানো নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা।
এত কিছুর পরও বড় হয়ে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখে মরিয়ম। তবে পরিবারের আর্থিক সংকটের কথা ভেবে সেই স্বপ্ন পূরণ নিয়ে শঙ্কা প্রকাশ করেছে সে। মরিয়ম বলে, ‘ডাক্তার হওয়ার ইচ্ছা আছে, কিন্তু মনে হয় না হতে পারব। আসলে দারিদ্র্যের কারণে মানুষের অনেক শখ পূরণ করতে পারে না।’
ফায়ার সার্ভিস জানায়, বুধবার সকাল ৯টা ৪০ মিনিটে মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগার খবর পায় তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। এক ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় বস্তির শতাধিক পরিবারের কাঁচা ও আধাপাকা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





