বিতাড়িত অপশক্তির পুনরুত্থান ঠেকাতে চব্বিশের মতো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
একই সঙ্গে আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতা মোকাবিলায় বিএনপির সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় মাঠে থাকার নির্দেশ দিয়েছেন তিনি।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দিয়ে দলটির পুনরুত্থান ঠেকাতে সংসদের ভেতরে ও বাইরে থাকা গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত মোকাবিলায় দলমত নির্বিশেষে সবাইকে ২০২৪ সালের মতো এক মঞ্চে দাঁড়াতে হবে।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে এসব কথা বলেন তিনি। প্রায় ৩৮ মিনিটের বক্তব্যে আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ড, দেশে-বিদেশে সন্ত্রাসী তৎপরতা এবং গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিগুলোর ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী। দেশে-বিদেশে বারবার সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে তারা নিজেদের পরিচয় প্রমাণ করেছে। এই গোষ্ঠীকে আর মাথা তুলে দাঁড়াতে দেওয়া যাবে না। তার আগেই চব্বিশের চেতনায় তাদের মাথা গুঁড়িয়ে দিতে চান বলে মন্তব্য করেন তিনি।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়াসহ কয়েকটি স্থানে অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ ও হামলার প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে আবার তাবেদার রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র চলছে। এ পরিস্থিতিতে সংসদে প্রতিনিধিত্বকারী গণতান্ত্রিক দল এবং সংসদের বাইরের অন্যান্য গণতান্ত্রিক শক্তির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে পতিত ও পরাজিত অপশক্তির বিরুদ্ধে এক মঞ্চে দাঁড়াতে হবে। এ সময় সরকার ও বিরোধী দলের সদস্যরা টেবিল চাপড়ে তাঁর বক্তব্যে সমর্থন জানান।
প্রধানমন্ত্রী বলেন, প্রায় তিন দশক আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যে আওয়াজ তুলেছিলেন, তা আবারও ধারণ করতে হবে। তিনি বলেন, ‘ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা।’ বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও স্বাধীন-সার্বভৌম সংসদ রক্ষার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, দেশকে আর কোনো তাবেদারের হাতে তুলে দেওয়া হবে না।
তারেক রহমান আরও বলেন, যেসব শক্তি মানুষকে গোলামির শৃঙ্খলে আবদ্ধ করতে চায়, বাংলাদেশের জনগণ তাদের আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। ২০২৪ সালে যেভাবে পতিত স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছিল, একই চেতনায় আবারও তাদের মোকাবিলা করতে হবে।
সরকার যখন দেশকে স্বনির্ভর বাংলাদেশে রূপান্তর এবং সংসদে আলোচনার মাধ্যমে উন্নত রাষ্ট্র গঠনের চেষ্টা করছে, তখন পতিত ও বিতাড়িত ফ্যাসিস্ট অপশক্তি ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এত মানুষ হত্যা, গুম ও নির্যাতনের পরও তাদের চরিত্রের পরিবর্তন হয়নি। দেশে কিংবা বিদেশে, যেখানেই থাকুক, তাদের চরিত্র সন্ত্রাসী।
আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে লাঞ্ছিত করার চেষ্টা, দুই দিন আগে এনসিপির সভাপতি নাহিদ ইসলামকে লাঞ্ছিত করার চেষ্টা এবং যুক্তরাষ্ট্রে এনসিপি নেতাদের সঙ্গে আচরণের বিষয়টি দেশবাসী দেখেছে। ইতালিতে বাংলাদেশের একজন নারী শিল্পীর ওপর হামলার ঘটনাও উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেত্রী তাঁর অনুসারীদের গণতন্ত্রকামী মানুষের ঘরবাড়িতে আগুন দেওয়ার নির্দেশ দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই নির্দেশের পাশাপাশি গণতন্ত্রকামী মানুষকে হত্যার জন্য তালিকা তৈরির নির্দেশও দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে দলটি রাজনৈতিক দল নয়, বরং সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে নিজেদের পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেন তারেক রহমান।
তিনি বলেন, সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের অবস্থানও স্পষ্ট। তারা বাংলাদেশের স্বাধীনতাকামী জনগণের পরিবর্তে সন্ত্রাসীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, কোনো পক্ষের বশ্যতা মেনে নেওয়ার জন্য মানুষ মুক্তিযুদ্ধ বা গণ-অভ্যুত্থানে অংশ নেয়নি।
এদিকে সংসদের অধিবেশন শুরুর আগে সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের সভায় আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতা মোকাবিলায় দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় গিয়ে মাঠে থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। অধিবেশন শেষ হওয়ার পরপরই তাঁদের এলাকায় অবস্থান নিতে বলেন তিনি। চলমান পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনাও দেন।
বিএনপির চেয়ারম্যান ও সংসদনেতা তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি পরিচালনা করেন হুইপ আশরাফ উদ্দিন নিজান। সভায় গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী নিজের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা তুলে ধরে বক্তব্য দেন। তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুষ্কৃতকারীরা তাঁর বাড়িতে আগুন দিয়েছে। তাঁর আত্মীয়-স্বজনের বাড়িঘরেও হামলা চালানো হয়েছে এবং অনেকে আহত হয়েছেন। এ সময় নিজ এলাকায় দলের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা না পাওয়ার আক্ষেপও প্রকাশ করেন তিনি।
সভায় আওয়ামী লীগের অতীত রাজনৈতিক ভূমিকা তুলে ধরে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ বলেছিল, বিএনপিকে এক মিনিটও শান্তিতে থাকতে দেবে না। দলটির চরিত্র বিবেচনায় নিয়ে সেভাবেই তাদের মোকাবিলা করতে হবে।
সভায় কয়েকজন সংসদ সদস্য অভিযোগ করেন, প্রশাসনের অনেক কর্মকর্তা স্থানীয় সংসদ সদস্যদের কথা শোনেন না। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগের দুষ্কৃতকারীদের অব্যাহত উসকানি সত্ত্বেও সরকার অতিরিক্ত বল প্রয়োগ করেনি এবং এখনই এমন কোনো ইচ্ছা নেই। তবে শুধু গোপালগঞ্জ নয়, সারা দেশে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে শিগগির কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে ইঙ্গিত দেন তিনি।
সভাসূত্র জানায়, এস এম জিলানীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেন, রাজনীতিতে আবেগের কোনো স্থান নেই। প্রত্যেককে আত্মবিশ্বাস নিয়ে রাজনৈতিক মাঠে কাজ করতে হবে। জনগণ বিএনপিকে বিপুল ভোটে বিজয়ী করে ক্ষমতায় বসিয়েছে, সেই আত্মবিশ্বাস নিয়েই সবাইকে কাজ করতে হবে।
প্রশাসন কথা শোনে না—এমন বক্তব্যে প্রধানমন্ত্রী কিছুটা বিরক্তি প্রকাশ করেন বলে জানা গেছে। তিনি সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, তাঁরা সরকারি দলের সংসদ সদস্য। যে প্রশাসনের বিরুদ্ধে থেকে রাজনীতি ও আন্দোলন-সংগ্রাম করে তাঁরা এ অবস্থানে এসেছেন, সেই প্রশাসন তাঁদের কথা শুনতে বাধ্য। প্রশাসন কথা না শুনলে তাঁকে বিষয়টি জানানোর নির্দেশ দেন তিনি।
সভায় উপস্থিত একাধিক সংসদ সদস্য জানান, আওয়ামী লীগের নৈরাজ্য মোকাবিলায় সংসদ সদস্যদের মাঠে থাকার বিষয়ে প্রধানমন্ত্রীর অবস্থান ছিল স্পষ্ট। তারেক রহমান বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালেও মানুষের বিপক্ষে ছিল, এখনো মানুষের ঘরবাড়িতে আগুন দিচ্ছে ও নাশকতা চালাচ্ছে। ক্ষমতায় টিকে থাকার জন্য মাত্র ১৫ দিনে প্রায় দেড় হাজার মানুষকে হত্যা এবং ৩০ হাজার মানুষকে পঙ্গু করেছে বলে দাবি করেন তিনি। এমন একটি দলকে মানুষ কেন সমর্থন করবে, সে প্রশ্নও তোলেন প্রধানমন্ত্রী।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





