পঞ্চগড়ে বেড়েছে শীতের দাপট , এক দিনেই তাপমাত্রা কমল ৩.২ ডিগ্রি
এক দিনের ব্যবধানে তাপমাত্রা নেমে ১২.৫ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে, যা চলতি মৌসুমে জেলায় সর্বনিম্ন।
হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। কয়েক দিনের ধারাবাহিক ওঠানামার পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে জেলার তাপমাত্রা নেমে এসেছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। এটি চলতি মৌসুমে পঞ্চগড়ে রেকর্ড করা সর্বনিম্ন তাপমাত্রা।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৬টায় সর্বনিম্ন ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৮ শতাংশ। এর আগের দিন বুধবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ মাত্র এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পরিসংখ্যান বলছে, গত কয়েক দিন ধরে জেলায় সর্বনিম্ন তাপমাত্রার ওঠানামা ছিল। গত শুক্রবার তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি, শনিবার ১৫ দশমিক ৮, রোববার ১৬ দশমিক ৪, সোমবার ১৮ দশমিক ৫ এবং মঙ্গলবার ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এদিকে বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয় বাসিন্দারা জানান, দিনের বেলায় ঝলমলে রোদ থাকায় কিছুটা গরম অনুভূত হয়। তবে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে আবহাওয়ার পরিবর্তন ঘটে। রাতে লেপ-কম্বল গায়ে জড়াতে হচ্ছে। ভোরে বাইরে বের হলে শীতের অনুভূতিও বাড়ছে।
এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, আগামী দিনগুলোতে তাপমাত্রা ধীরে ধীরে আরও কমতে পারে। পাশাপাশি আগামী ডিসেম্বর মাসে পঞ্চগড় জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





