পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত
তৈরি পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় শ্রম অধিদপ্তরে সভাটি হওয়ার কথা ছিল। শিগগিরই নতুন তারিখ জানানো হবে।
সোমবার সকালে বোর্ডের সচিব রাইসা আফরোজ এক নোটিশে এ তথ্য জানান। নোটিশে বলা হয়, অনিবার্য কারণে বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছে।
এদিনের সভায় মালিকপক্ষের মজুরি কাঠামোর প্রস্তাব দেওয়ার কথা ছিল। এর আগে গত ৯ নভেম্বর বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দেয়। সেদিন মালিকপক্ষ প্রস্তাব দিতে না পারায় তাদের চার কার্যদিবস সময় দেওয়া হয়। সেই অনুযায়ী সোমবারের সভায় প্রস্তাব দেওয়ার কথা জানিয়েছিল তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।
বেতন বাড়ানোর দাবিতে তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষের মধ্যে গত ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠনের পাশাপাশি পোশাকশিল্পের জন্য নতুন বোর্ড গঠন করে। এরপরও ঢাকা, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে শ্রমিকদের বিক্ষোভ ও সংঘর্ষ চলতে থাকে।
গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হলে শ্রমিকেরা কাজে ফিরতে শুরু করেন।
চলতি বছর শ্রম আইন সংশোধন করে শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে।
তৈরি পোশাকশ্রমিকদের সর্বশেষ নিম্নতম মজুরি ঘোষণা করা হয় ২০২৩ সালের নভেম্বরে। পরের মাস থেকে তা কার্যকর হয়। সে সময় পোশাকশিল্পের নিম্নতম মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। এতে মজুরি বেড়েছিল ৫৬ দশমিক ২৫ শতাংশ।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





