হর্ন–আতশবাজি নিয়ন্ত্রণ ও নীরব এলাকায় অভিযানের নির্দেশ হাইকোর্টের
শব্দদূষণ নিয়ন্ত্রণে নীরব এলাকাগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা এবং অপ্রয়োজনীয় হর্ন, আতশবাজি ও পটকার ব্যবহার নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রোববার (১৫ নভেম্বর) বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা এক জনস্বার্থমূলক মামলার প্রাথমিক শুনানি শেষে বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ অন্তর্বর্তীকালীন আদেশ দেন।
আদালত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), পরিবেশ অধিদপ্তর, বিআরটিএ, রাজউক, ডিএমপি এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে বেশ কিছু নির্দেশনা দিয়েছেন।
নির্দেশনায় নীরব এলাকাগুলোতে প্রয়োজনীয় সাইনবোর্ড স্থাপন, জনসচেতনতা বাড়ানো এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে নিয়মিত যৌথ অভিযান পরিচালনার কথা বলা হয়েছে। পাশাপাশি অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার এবং আতশবাজি ও পটকার ব্যবহার নিয়ন্ত্রণে প্রচলিত আইন ও বিধিমালা কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া শব্দদূষণ নিয়ে নাগরিকদের অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির জন্য একটি নির্দিষ্ট হটলাইন চালু এবং অভিযোগের বিপরীতে নেওয়া পদক্ষেপের রেকর্ড সংরক্ষণের নির্দেশ দিয়েছেন আদালত।
টেলিভিশন, রেডিও, সংবাদপত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার মাধ্যমে জনসচেতনতা তৈরির পাশাপাশি প্রতি তিন মাস অন্তর নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন হাইকোর্টে জমা দিতে বলা হয়েছে।
আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছেন, শব্দদূষণ নিয়ন্ত্রণে ব্যর্থতা কেন নাগরিকের সাংবিধানিক অধিকার ও জনস্বার্থের পরিপন্থী ঘোষণা করা হবে না।
উল্লেখ্য, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস-আদালতের চারপাশের ১০০ মিটার এলাকাকে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী নীরব এলাকা হিসেবে নির্ধারণ করা হয়েছে।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
এইচএসসি সম্পূরক পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
৭ ঘণ্টা আগে💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





