মূল অংশে যান
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ · ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
খেলাধুলা

শেষ মুহূর্তের গোলে বারবার স্বপ্নভঙ্গ বাংলাদেশের, এবার বিদায় সাফ থেকে

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ণ · আপডেট: ১৬ নভেম্বর ২০২৬, ৫:২৯ পূর্বাহ্ণ · ৩ মিনিটে পড়ুন
শেষ মুহূর্তের গোলে বারবার স্বপ্নভঙ্গ বাংলাদেশের, এবার বিদায় সাফ থেকে
ছবি: সংগৃহীত

ফুটবলে ‘ফার্গি টাইম’ বলতে বোঝায় ম্যাচের শেষ মুহূর্তে গোল করে ঘুরে দাঁড়ানোর সময়। ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের দলের হাত ধরে শব্দটির প্রচলন। তবে বাংলাদেশের ফুটবলে শেষ মুহূর্তের সময়টা যেন উল্টো এক আতঙ্কের নাম। ম্যাচের শেষ দিকে গোল হজম করে বারবার জয়ের কিংবা ড্রয়ের স্বপ্ন ভেঙেছে দলটির।

শনিবার রাতে সাফের সেমিফাইনালেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। পাকিস্তানের বিপক্ষে ৮৬ মিনিটে আবদুল সামাদের গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। আট বছর পর সেরা চারে ওঠা পাকিস্তান পেয়েছে ফাইনালের টিকিট। ফলে ১৭ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালে থাকছে না স্বাগতিক বাংলাদেশ।

গত প্রায় ১৫ বছরে শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের এমন হারের ঘটনা ঘটেছে একাধিকবার। ৮০ মিনিট বা তার পর গোল হজম করে জয় কিংবা ড্রয়ের সম্ভাবনা হারিয়েছে দলটি।

২০১৩ সালে ভারতের বিপক্ষে জয়ের খুব কাছাকাছি ছিল বাংলাদেশ। ৮২ মিনিটে আতিকুর রহমান মিশুর গোলে এগিয়ে যায় দল। কিন্তু যোগ করা সময়ে সুনীল ছেত্রীর পেনাল্টিতে সমতায় ফেরে ভারত। পরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষেও ড্রয়ের সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে যোগ করা সময়ে গোল হজম করে ২-১ ব্যবধানে হারে বাংলাদেশ।

২০১৯ সালে বিশ্বকাপ বাছাইপর্বে ভারতের মাঠে জয়ের সম্ভাবনা জাগিয়েছিল বাংলাদেশ। ৪২ মিনিটে সাদ উদ্দিনের গোলে এগিয়ে যায় দল। কিন্তু ৮৮ মিনিটে গোল হজম করে জয় হাতছাড়া হয় জামাল ভূঁইয়াদের।

২০২১ সালে নেপালের বিপক্ষে জিতলেই সাফের ফাইনালে উঠত বাংলাদেশ। সুমন রেজার গোলে এগিয়েও ছিল দল। কিন্তু ৮৮ মিনিটে পেনাল্টি থেকে অঞ্জন বিস্তার গোল ম্যাচে সমতা ফেরায়। ফলে ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয় বাংলাদেশের।

একই বছর শ্রীলঙ্কার বিপক্ষে চার জাতির সিরিজেও শেষ মুহূর্তে পয়েন্ট হারায় দল। ওয়াসিম রাজেকের গোলে এগিয়ে যাওয়ার পর ৭১ মিনিটে জুয়েল রানা সমতা ফেরান। কিন্তু ৯০ মিনিটে পেনাল্টি থেকে গোল হজম করে ২-১ ব্যবধানে হারে বাংলাদেশ।

২০২৩ সালের সাফে লেবাননের বিপক্ষে শেষ দিকে দুই গোল হজম করে ২-০ ব্যবধানে হারে বাংলাদেশ। পরের বছর ২৬ মার্চ বিশ্বকাপ বাছাইপর্বে ফিলিস্তিনের বিপক্ষেও শেষ মুহূর্তে গোল হজম করে ১-০ ব্যবধানে পরাজিত হয় হাভিয়ের কাবরেরার দল।

২০২৫ সালে হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচেও একই চিত্র দেখা যায়। যোগ করা সময়ে গোল করে সমতা ফেরালেও মাত্র ২০ সেকেন্ডের ব্যবধানে আবার গোল হজম করে বাংলাদেশ।

পাকিস্তানের বিপক্ষে এবারের সেমিফাইনাল হার সেই তালিকায় নতুন সংযোজন। এক-দুটি ম্যাচে এমন ঘটনা ঘটলে দুর্ভাগ্য বলে এড়িয়ে যাওয়া যেত। কিন্তু প্রায় ১৫ বছর ধরে কোচ, খেলোয়াড় ও প্রতিপক্ষ বদলালেও একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে।

তাই প্রশ্ন উঠছে, ম্যাচের শেষ ১০ মিনিটে কেন বারবার ভেঙে পড়ছে বাংলাদেশ? এর পেছনে মনোযোগের ঘাটতি, ফিটনেসের সমস্যা নাকি ম্যাচ ধরে রাখার কৌশলগত দুর্বলতা—তা খতিয়ে দেখা প্রয়োজন।

২০০৩ সালের পর আর সাফ চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ। ২৩ বছরের শিরোপাখরা ঘোচানোর স্বপ্ন নিয়ে এবার ঘরের মাঠে খেলতে নেমেছিল দল। কিন্তু স্মরণকালের অন্যতম সেরা স্কোয়াড নিয়েও ফাইনালে উঠতে না পারা বড় হতাশার হয়ে থাকল।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz